বেসিক ব্যাংক নিয়ে দুদকের অনুসন্ধান কার্যত বন্ধ

বেসিক ব্যাংক থেকে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান ‘কার্যত’ বন্ধ রয়েছে। গত প্রায় পাঁচ বছরে দুদক পাঁচবার অনুসন্ধান কর্মকর্তা বদল করেছে। তারপরেও কোনো ফল নেই।
দুর্নীতির মূল বিষয়টি এড়িয়ে দুদক ব্যস্ত ব্যাংকটির বরখাস্ত হওয়া কয়েকজন কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে। ফলে ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানে তেমন অগ্রগতি নেই। অথচ বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে অর্থ আত্মসাতের জন্য ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর দায়ের কথা বলা আছে।
বেসিক ব্যাংক-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনগুলো দুদককে অনেক আগেই হস্তান্তর করা হয়েছে। তারপরেও জড়িত ব্যক্তিদের আড়াল করার চেষ্টা করছে দুদক। আবার এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও কোনো তাগিদ নেই।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘যেহেতু এটি একটি বড় অনুসন্ধান, সে কারণে সময় লাগছে। এ ছাড়াও মাঝখানে বেসিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। ওই সমঝোতার আলোকে কেন্দ্রীয় ব্যাংক বেসিক ব্যাংককে কিছু নির্দেশনা দেয়। সে সময় আমাদের অনুসন্ধান কিছুটা স্থবির অবস্থায় ছিল। কিন্তু এখন অনুসন্ধান চলছে।’
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের দুর্নীতির ক্ষেত্রে উচ্চপর্যায়ের ব্যক্তিরা জড়িত থাকার অভিযোগ উঠলেও নানা কারণে মূল ইস্যুকে এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। সোনালী ব্যাংকসহ আরও কয়েকটি ক্ষেত্রে আমরা এ অবস্থা দেখেছি। অনেক ক্ষেত্রেই প্রভাবশালীদের প্রতি নমনীয়তা দেখানো কিংবা সুরক্ষা দিয়ে কর্মকর্তা বা কর্মচারীদের শাস্তি দেওয়া হয়।’ তিনি মনে করেন, মূল হোতাদের বিচারের আওতায় আনা না গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।
বেসিক ব্যাংকের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ২০১০ সালে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক। ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানের জন্য প্রথম দায়িত্ব দেওয়া হয় সহকারী পরিচালক মাহবুবুল আলমকে। তিনি এ অভিযোগের বিষয়ে বেশ কিছু তথ্য-উপাত্তও সংগ্রহ করেন। এরপর অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে চার সদস্যের একটি দলকে। কিন্তু বহুল আলোচিত হল-মার্ক গ্রুপের ঋণ জালিয়াতি অনুসন্ধানের দায়িত্ব জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন দলের ওপর বর্তালে বেসিক ব্যাংকের অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় আরেক উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে। এরপর গত বছরের ১২ মার্চ দুদকের উপপরিচালক আবুল হোসেনকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পরপরই তিনি বেসিক ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের কাছে তথ্য-উপাত্ত চেয়ে চিঠি পাঠান। কিন্তু আবুল হোসেনকে দায়িত্ব দেওয়ার পরদিন ১৩ মার্চ তাঁকে সরিয়ে দিয়ে আরেক উপপরিচালক আখতার হামিদ ভূঁইয়াকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। এরপর তাঁকেও বদল করে বর্তমানে উপপরিচালক ইকবাল হোসেনের নেতৃত্বে আরেকটি দলকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনুসন্ধান-সংশ্লিষ্ট একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, বেসিক ব্যাংকের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়টি অনুসন্ধান বিষয়ে কমিশনের সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। অনুসন্ধানের শুরুর দিকে দুর্নীতি ও জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকটা কাছাকাছি পৌঁছে গেলেও অনুসন্ধানের গতি থেমে যায়। এখন দৃষ্টি অন্য দিকে ফেরাতে ব্যাংকের বরখাস্ত হওয়া কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত সম্পদ ও অন্যান্য বিষয়ে অনুসন্ধান এবং তাঁদের বিরুদ্ধে মামলাও করা হচ্ছে।
চলতি বছরের ৪ ফেব্রুয়ারি দুদক মামলা করেছে ব্যাংকটির বরখাস্ত হওয়া উপব্যবস্থাপনা পরিচালক এ মোনায়েম খান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আলীর বিরুদ্ধে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের পর তাঁদের বিরুদ্ধে এসব মামলা হয়েছে। মোনায়েম খানের বিরুদ্ধে ৭৪ লাখ ৮০ হাজার ৯৮৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তাঁর স্ত্রী শাহানা পারভিনের বিরুদ্ধে ২ কোটি ২ লাখ ৮৯ হাজার ৪২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ প্রকল্পে অবৈধভাবে ৩ লাখ রিংগিত (বাংলাদেশি ৭৫ লাখ ৮১ হাজার টাকা) পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোনায়েম খানের বিরুদ্ধে আরেকটি মামলা করে দুদক। আবার ২ কোটি ৫৯ লাখ ৫০ হাজার ৭৯৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মোহাম্মদ আলী এবং ৯৬ লাখ ২৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর স্ত্রী ইসমত আরার বিরুদ্ধেও মামলা করা হয়।
দুদক সূত্র জানিয়েছে, ব্যাংকের বরখাস্ত হওয়া আরও বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।