বেসিক ব্যাংকে জালিয়াতি মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার
বেসিক ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আরেক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর নাম মো. সাইফুল ইসলাম। তিনি নাহার গার্ডেন প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।
গতকাল রাজধানীর পরীবাগ থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে। সংস্থার পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২-এর উপপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম তাঁকে গ্রেপ্তার করেন।
বেসিক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে ৩০ কোটি টাকা (সুদাসলে ৩৮ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৯৮৪ টাকা) ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাইফুল ইসলামের বিরুদ্ধে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করে দুদক। ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে বন্ধকি সম্পত্তি অতিমূল্যায়ন দেখিয়ে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিশ্বাসভঙ্গের মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় ওই মামলায়।
বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হলেও তাঁকে বাদ দিয়েই গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ৫৬টি মামলা করে দুদক। এসব মামলায় মোট আসামি ১২০ জন। আসামিদের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৭ জন, ১১ জন সার্ভে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বাকিরা ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের মালিক। মামলাগুলোতে মোট ২ হাজার ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
ওই সব মামলায় এর আগে ব্যাংকটির পাঁচ কর্মকর্তা ও চার ব্যবসায়ীকে গ্রেপ্তার করে দুদক। দুদকের গ্রেপ্তার অভিযানে বেসিক ব্যাংক জালিয়াতির ঘটনায় সবার আগে গ্রেপ্তার হন ব্যাংকটির সাবেক ডিএমডি ফজলুস সোবহান ও মো. সেলিম এবং ডিজিএম ও গুলশান শাখার ব্যবস্থাপক শিপার আহমেদ।