বেসিক ব্যাংকে জালিয়াতির অর্থ আত্মসাৎ, ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংক থেকে জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার এজাহারভুক্ত না হলেও তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে দুদক সূত্র জানিয়েছে।

গ্রেপ্তার হওয়া ওই ব্যবসায়ীর নাম মনিরুল ইসলাম মোল্লা। তিনি নর্দার্ন শিপইয়ার্ড নামের একটি প্রতিষ্ঠানের মালিক। আজ বুধবার রাজধানীর মিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করেন দুদকের উপসহকারী পরিচালক মো. জয়নাল আবেদীন।
দুদক সূত্র জানায়, বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় এশিয়ান ফুড ট্রেডিং অ্যান্ড কোম্পানির মালিক আব্দুল বারী খানের বিরুদ্ধে গুলশান থানায় ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর মামলা করে দুদক। ওই মামলায় ৫৯ কোটি ৮৩ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলার তদন্তে আব্দুল বারী খানের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। কিন্তু তাঁর প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাব থেকে বেসিক ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা বিভিন্ন জনের হিসাবে স্থানান্তর করা হয়। এর মধ্যে প্রাইম ব্যাংক গুলশান শাখার গ্রাহক নর্দার্ন শিপইয়ার্ডের ব্যাংক হিসাবে চার কোটি টাকা স্থানান্তর করে নগদে তুলে নেওয়া হয়।