বেসিক ব্যাংকের এক কর্মকর্তা ও তিন ব্যবসায়ী গ্রেপ্তার
বেসিক ব্যাংকের সাড়ে ৪ হাজার কোটি টাকার জালিয়াতির ঘটনায় করা একটি মামলায় ব্যাংকের একজন কর্মকর্তা ও তিনজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তার চারজন হলেন বেসিক ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ইকরামুল বারী, এমারেল্ড ড্রেসের মালিক সৈয়দ হাসিবুল গনি, এশিয়ান শিপিং বিডির মালিক মো. আকবর হোসেন ও ফার্সি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুন্নবী চৌধুরী।
দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল গত রোববার দিবাগত রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত রাজধানীর গুলশান, উত্তরা ও ধানমন্ডিতে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের রমনা থানায় রাখা হয়েছে। দুদক সূত্র জানিয়েছে, গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
জালিয়াতির কারণে গত বছর ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর ১২০ জনের বিরুদ্ধে ৫৬টি মামলা করা হয়। এর মধ্যে ব্যাংকের ২৭ জন কর্মকর্তা ও ব্যবসায়ীরা রয়েছেন।