বেসিক ব্যাংক জালিয়াতির মামলায় ব্যাংকটির মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল রাজধানীর মতিঝিল থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ব্যাংকটির সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শেষে গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর মোট ৫৬টি মামলা করে দুদক। গুলশান, পল্টন, মতিঝিল থানায় করা এসব মামলায় মোট ২ হাজার ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলার ১২০ আসামির মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৭ জন। গ্রেপ্তার করা জয়নাল আবেদীন এরই মধ্যে কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি।
এর আগে একই ঘটনায় ব্যাংকের দুই উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) ফজলুস সোবহান ও মো. সেলিম, ব্যাংকটির উপমহাব্যবস্থাপক শিপার আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক ইকরামুল বারী এবং তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে দুদক।