বোদায় ভেজাল বীজ কিনে বিপাকে কৃষক

পঞ্চগড়ের বোদা উপজেলায় আমন ধানের ভেজাল বীজ বপন করে বিপাকে পড়েছেন কয়েক শ কৃষক। প্রতারণার অভিযোগ এনে বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে ইউএনওর কাছে গত মঙ্গলবার লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
ভেজাল বীজের ব্যাপারে অভিযোগ দেওয়ার পরও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় উপজেলার তিন উপসহকারী কৃষি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।
কৃষকদের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সাকোয়া, পাঁচপীর ও চন্দবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষক চলতি আমন মৌসুমে সাকোয়া বাজারের ‘মা বীজ ভান্ডার’ থেকে বীজ কেনেন। এসব বীজ জমিতে বপন করার পর ১৫-২০ দিনের মধ্যে চারা থেকে শিষ বের হতে শুরু করে। সাধারণত চারা রোপণের ৫০ থেকে ৬০ দিনে ধান গাছ থেকে শিষ বের হয়। তাঁদের (কৃষক) ধারণা, নির্দিষ্ট সময়ের আগে ধানের শিষ বের হওয়ায় ধানের ফলন হবে না।
এদিকে উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্ত করে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ইউএনও মামুনুর রশিদ।
উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক বলেন, ‘আমি নিজেও ঘটনার তদন্ত করে এর সত্যতা পেয়েছি। এ জন্য তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। তাঁদের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।