বোনের ওপর নির্যাতন প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল ভাইয়ের
বড় বোন যুক্তরাজ্যপ্রবাসী। সম্প্রতি দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর থেকেই তাঁর ওপর শুরু হয় স্বামীর নির্যাতন। এর প্রতিবাদ করতে গিয়েই খুন হলেন আনোয়ার হোসেন (২০)।
গত মঙ্গলবার রাতে সিলেট নগরের পাঠানটুলার পল্লবী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। সুনামগঞ্জের ছাতক উপজেলার আনুজানি গ্রামে আনোয়ারের বাড়ি।
দুজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, আনোয়ারের ভগ্নিপতি এনামুল হক তাঁর বাসার সামনেই ঘটনার দিন রাত আটটার দিকে আনোয়ারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়।
এ ঘটনায় রাতেই এনামুলের বাবা হুশিয়ার আলী, মা রোকেয়া বেগম ও মামা আলা উদ্দিনকে আটক করে পুলিশ। গতকাল বুধবার মহানগর পুলিশের জালালাবাদ থানায় মামলা করেন আনোয়ারের বাবা আবদুল খালিক। এতে এনামুলসহ চারজনকে আসামি করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
সিলেট এমসি কলেজের বিএ পাস কোর্সের প্রথম বর্ষের ছাত্র আনোয়ার। কলেজে পড়াশোনার কারণে পল্লবী আবাসিক এলাকায় ভগ্নিপতির বাসার পাশেই আরেকটি বাসায় মা-বাবাকে নিয়ে থাকতেন তিনি। তাঁর বড় বোন নাজমিন বেগমের (২৬) সঙ্গে প্রায় এক বছর আগে পল্লবী আবাসিক এলাকার এনামুল হকের (৩০) বিয়ে হয়।
আনোয়ারের পারিবারিক সূত্রে জানা যায়, নাজমিনের স্বামীরও যুক্তরাজ্যে যাওয়ার কথা। তাঁর ভিসার বিষয়টি প্রক্রিয়াধীন। নাজমিন সম্প্রতি দেশে ফিরলে এনামুল প্রায়ই নানা অজুহাতে তাঁকে নির্যাতন শুরু করেন। সর্বশেষ গত সোমবার রাতে বোনের ওপর নির্যাতনের ঘটনায় আনোয়ার এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন বলে ভগ্নিপতিকে সতর্ক করে দেন। এর পরদিনই খুন হতে হলো তাঁকে।
আনোয়ারের বাবা আবদুল খালিক সাংবাদিকদের বলেন, মেয়ের ওপর স্বামীর নীরব নির্যাতন চলত। সতর্ক করে দেওয়াটাই আনোয়ারের জন্য কাল হলো। ঘটনার দিন নানা হুমকি-ধমকি দিয়ে এনামুল বাসার সামনেই আনোয়ারকে ছুরিকাঘাত করেন।
গতকাল সকালে ওই এলাকায় গিয়ে জানা যায়, নাজমিনের ওপর তাঁর স্বামীর নির্যাতনের বিষয়টি পাড়া-প্রতিবেশী সবারই জানা।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় এনামুলের বাবা, মা ও এক মামা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে এনামুল পলাতক। তাঁকে গ্রেপ্তার করতে পারলে পুরো বিষয়টি জানা যাবে।
গতকাল সকালে ময়নাতদন্ত শেষে আনোয়ারের মরদেহ পরিবারের জিম্মায় দেওয়া হয়। তাঁর মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়িতে গেছেন পরিবারের সদস্যরা।