বোমা আতঙ্কে কলেজ ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর কলেজিয়েট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ গতকাল শনিবার বোমা আতঙ্কে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া হয়। অধ্যক্ষের কক্ষের পাশে অভিভাবকদের বসার স্থানে ‘বোমাসদৃশ’ একটি বস্তু দেখে আতঙ্কিত হয়ে কলেজ ছুটি দেয় কর্তৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সকাল সাতটার দিকে বিদ্যালয়ের নৈশপ্রহরী আ. মান্নান ওই স্থানে অনেক বৈদ্যুতিক তারসহ বোমাসদৃশ বস্তুটি দেখে তাঁকে খবর দেন। তিনি তৎক্ষণাৎ তা পুলিশকে জানান। এরই মধ্যে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিদ্যালয় ছুটি দেওয়া হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, পুলিশের একটি দল বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। পুলিশ সদস্যরা তারগুলো কেটে নিষ্ক্রিয় করে বস্তুটি পানিতে ডুবিয়ে রেখে বোমা বিশেষজ্ঞকে খবর দেন। ওসি বলেন, এটি বোমা হলে তারগুলো কাটার সময় বিস্ফোরিত হতো।