বোমা তৈরির অভিযোগে গ্রেপ্তার ১
বোমা তৈরি ও সরবরাহের অভিযোগে চট্টগ্রাম নগরে মো. সেলিম ওরফে কানা সেলিম (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার টাইগারপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তিনি বোমা তৈরির কারিগর। চলমান নাশকতায় টাকার বিনিময়ে বোমা তৈরি করে শওকত আজম খাজা নামের এক নগর যুবদল কর্মীকে সেগুলো সরবরাহ করতেন সেলিম। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরের পাহাড়তলী থেকে প্রকাশ নাথ ও বকশির বাজার থেকে নিতাই চন্দ্র নাথ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সেলিমের বরাত দিয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ১৯৮৮ সালে নগরের খুলশী এলাকায় পাহাড়ে বোমা তৈরি করতে গিয়ে সেলিমের বাঁ চোখ নষ্ট হয়ে যায়। এরপর দীর্ঘদিন তিনি নিস্ক্রিয় ছিলেন। ২০১৩ সালে বোমা মানিকের মাধ্যমে তাঁর সঙ্গে শওকতের পরিচয় হয়। শওকত তাঁকে ককটেল ও বোমা তৈরি করে দেওয়ার প্রস্তাব দেন। ককটেলপ্রতি তিনি ১০০ টাকা পেতেন। আর বোমা তৈরির সরঞ্জাম সরবরাহ করতেন শওকত। নগরের মনসুরাবাদ এলাকায় একটি পরিত্যক্ত ঘরে এসব বোমা তৈরি করছিলেন সেলিম।
এ বিষয়ে শওকতের সঙ্গে কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।