বোমা তৈরির সময় কবজি উড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে এক ব্যক্তির ডান হাতের কবজি উড়ে গেছে। এতে আহত হয়েছেন দুজন। আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসার পর পুলিশ আহত ব্যক্তিদের সঙ্গে থাকা দুই ব্যক্তিকে আটক করে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের বাগডাঙ্গা গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে তিনজন আহত হন। তাঁদের তিনজনই ওই গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন আরিফুল ইসলাম (৪০), জাহিদুল ইসলাম (৩৫) ও সুমন আলী (৩২)।
এর মধ্যে জাহিদুল ইসলামের হাতের কবজি উড়ে গেছে। অপর দুজনের শরীরের বিভিন্ন স্থান বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনজনের শরীরে অস্ত্রোপচার হয়েছে।
তাঁদের চিকিৎসার জন্য সঙ্গে আসা দুজনকে আটক করেছে রাজশাহী নগরের রাজপাড়া থানার পুলিশ। তাঁরা হলেন চরনারায়ণপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মাহফুজুর রহমান এবং জালাল উদ্দিনের ছেলে জাহিদুর রহমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি তাঁকে ফোন করে ঘটনাটি জানিয়েছেন। বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত তিনজন হাসপাতালে ভর্তি আছেন। সঙ্গে আসা দুজনকে আটক করা হয়েছে।