বোমা ফাটিয়ে বাস থামিয়ে গুলি করে ব্যবসায়ীকে হত্যা
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় চলন্ত যাত্রীবাহী বাসের সামনে বোমা ফাটিয়ে গতিরোধ করে নুরুল ইসলাম (৪২) নামের এক যাত্রীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে ফতুল্লার মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নুরুল ইসলামের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী প্রসন্ননগর এলাকায়। তাঁর বাবার নাম হানিফ হাজি। নুরুল ইসলাম ফতুল্লার রেলস্টেশন এলাকায় ভাড়া থাকতেন। পেশায় মুঠোফোন ব্যবসায়ী। রাজধানীর হাতিরপুলের মোতালিব প্লাজায় পপুলার ইলেকট্রনিকস নামের মুঠোফোনের দোকান রয়েছে তাঁর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকার গুলিস্তান এলাকা থেকে উৎসব পরিবহনের একটি বাসযোগে ব্যবসায়ী নুরুল ইসলাম নারায়ণগঞ্জ ফিরছিলেন। রাত পৌনে ১০টার দিকে লিংক রোডের মাহমুদপুর এলাকায় সামাদ বানু সিএনজি স্টেশনের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে বাসের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় কয়েকজন দুর্বৃত্ত বাসে উঠে যাত্রী নুরুল ইসলামকে বুকে অস্ত্র ঠেকিয়ে একটি গুলি করে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেমে নির্বিঘ্নে চলে যায়। গুরুতর অবস্থায় নুরুল ইসলামসহ যাত্রীবাহী বাসটি শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার হাসপাতালে নিয়ে যান চালক। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বোমার বিস্ফোরণে বাসটির সামনের গ্লাস ভেঙে গেছে। এ ঘটনার খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে ছুটে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাসের আরোহী মো. লিটু সাংবাদিকদের জানান, নুরুল ইসলামসহ তাঁরা ঢাকা থেকে ফিরছিলেন। পথে অতর্কিতভাবে মুহুর্মুহু হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা বাসের গতিরোধ করে। দুটি মোটরসাইকেলে আসা চার-পাঁচজন যুবক বাসে উঠে নুরুল ইসলামকে পিস্তল ঠেকিয়ে গুলি করে তাঁর হাতে থাকা একটি ব্যাগ নিয়ে নির্বিঘ্নে চলে যায়। যাত্রীদের অনেকেই প্রাণভয়ে বাসের সিটের নিচে আত্মগোপন করেন।
৩০০ শয্যার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা জানান, গুলিতে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান জানান, ‘আমরা শুনেছি, বোমা ফাটিয়ে বাসের গতিরোধ করে এক যাত্রীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘাতকদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে ২০১৪ সালের ১৭ জুলাই দুপুরে প্রাইভেট কার থামিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিককে। অপহরণের ৩৫ ঘণ্টা পরে ঢাকার মিরপুরে তাঁকে ফেলে যায় অপহরণকারীরা। এর কয়েক দিন পর ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ ভেসে ওঠে।
মাত্র আট কিলোমিটার দীর্ঘ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একের পর এক অপহরণ এবং খুনের ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।