বোমা বানাতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে আত্মীয়ের বাড়ি বোমা বানাতে গিয়ে হাত-মুখ ঝলসে আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল রানা (২২)। ঘটনার পর পরই তিনি পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দগ্ধ জুয়েল রানা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক। জুয়েল রানার দলীয় পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসান আলী। তবে র্যা ব-৫-এর এএসপি জামাল আল নাসের বলেন, জুয়েল রানা কুখ্যাত শিবির ক্যাডার। তাঁর বিরুদ্ধে ২৭টির মতো মামলা রয়েছে।
পুলিশ জানায়, গতকাল বিকেল তিনটার দিকে ওই গ্রামের বাসিন্দা ও রিকশাচালক আবুল কালামের বাড়িতে বিকট শব্দে বোমার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তাঁর ভায়রা আলী হোসেনের ছেলে জুয়েলের দুহাত ও মুখমণ্ডল ঝলসে যায়। আহত অবস্থায় অটোরিকশা ভাড়া করে পালিয়ে যান তিনি।
আবুল কালামের স্ত্রী ও প্রত্যক্ষদর্শী খোদেজা বেগম প্রথম আলোকে জানান, তাঁর ভাগনে জুয়েল সকালে তাঁর বাড়িতে যান। দুপুরে জুয়েল তাঁর কাছে একটা পত্রিকার কাগজ চেয়ে তার ওপর সাদা পাউডার ও কিছু মার্বেল নিয়ে কী যেন করছিলেন। এ সময় বিকট শব্দ হয়। লোকজন ছুটে আসার আগেই জুয়েল বাড়ি ছেড়ে চলে যান।
পরে পুলিশ ও র্যা ব সদস্যরা ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করেন। এ সময় আবুল কালামের ছেলে আরিফুল ইসলামের (২০) ঘর থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি, একটি ম্যাগাজিন, কিছু মার্বেল ও গানপাউডার, ২০টি খালি বোতল উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে আবুল কালাম ও আরিফুল পলাতক রয়েছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বোমায় আহত জুয়েল আগেও অনেকবার গ্রেপ্তার হয়ে হাজত খেটেছেন। কয়েক মাস আগে তিনি জামিনে মুক্তি পান।