নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির বোমা তৈরির কারিগর জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবির এ আদেশ দেন। ১১ বছর আগে চট্টগ্রাম আদালতে দুই বিচারকের এজলাসে বোমা হামলার ঘটনায় করা দুটি মামলায় এ পরোয়ানা জারি করেন আদালত।
২০০৫ সালের ৩ অক্টোবর চট্টগ্রাম আদালতের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আবু সৈয়দ দিলজার হোসেন এবং মহানগর হাকিম আকরাম হোসেনের এজলাসে জেএমবির জঙ্গিরা বোমা হামলা চালায়। সেদিন বইয়ের ভেতরে বোমা লুকিয়ে আদালতে এনে প্রায় একই সময়ে ভিন্ন দুটি কক্ষে দুজন বিচারকের এজলাসে তা ছুড়ে মারে জঙ্গিরা। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা হয়।
মামলা দুটিতে আসামি করা হয়েছে জেএমবি চট্টগ্রামের সাবেক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ, শাহাদাত আলী ও জেএমবির বোমা তৈরির কারিগর জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানকে। এর মধ্যে দুজন কারাগারে রয়েছেন। অন্য আসামি জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানকে আড়াই বছর আগে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় অন্য জঙ্গিরা। এরপর তাঁকে আর গ্রেপ্তার করা যায়নি। ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে হাজিরা দেওয়ার জন্য ময়মনসিংহ আদালতে নেওয়ার পথে ত্রিশাল এলাকায় প্রিজন ভ্যানে গুলি ও বোমাবর্ষণ করে তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়। ওই তিনজনের একজন বোমা মিজান। ওই ঘটনায় জঙ্গিদের গুলি ও বোমা বিস্ফোরণে এক পুলিশ সদস্য মারা যান।
মামলা দুটি পরিচালনকারী সরকারি কৌঁসুলি আবিদ হোসেন বলেন, বৃহস্পতিবার (গতকাল) মামলা দুটির ধার্য দিন ছিল। মামলা দুটি গ্রেপ্তার আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা করার কথা ছিল। কিন্তু আসামি বোমা মিজান পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আগামী ৮ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।