বোমা হামলা ও অগ্নিসংযোগ চলছেই, আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের ২২ দিন আজ
অবরোধের ২২ দিন আজ

পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়ে প্রায় পাঁচ দিন দুঃসহ যন্ত্রণা ভোগের পর মারা গেলেন নীলফামারীর ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল মালেক (৫০)। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার মারা যান তিনি। টানা অবরোধের মধ্যে ঠাকুরগাঁওয়ে এদিন দুর্বৃত্তদের দেওয়া আগুনে গুরুতর দগ্ধ হন পিকআপের একজন ভ্যানচালক।
গতকাল রাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত সোয়া নয়টার দিকে রাজধানীর মধ্যবাড্ডায় অনাবিল পরিবহনের একটি বাসে, পোস্তগোলায় রাত সাড়ে নয়টার দিকে বোরাক পরিবহনের একটি বাসে এবং রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর রিং রোডে একটি বাসে আগুন দেয় তারা। পোস্তগোলায় বাসে আগুনের ঘটনায় একজন লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-পুলিশের পাহারার মধ্যে একটি খালি ট্রাকের বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ঝালকাঠিতে পৌর মেয়রের বাসায়, ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় বাস, বগুড়ায় যাত্রীবাহী বাস, পাবনায় ট্রাকে আগুন দেওয়া হয়। হামলা হয় ফেনীর একটি ফিলিং স্টেশনে। আরও কয়েকটি জেলায় ঘটে যানবাহনে বোমা হামলা ও ভাঙচুরের ঘটনা।
গতকাল ছিল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধের ২১তম দিন। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব ও জোটের ‘১০ হাজার নেতা-কর্মীকে’ গ্রেপ্তারের প্রতিবাদে ৩৬ ঘণ্টা হরতালেরও শেষ দিন ছিল কাল। এই দিন সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সহিংসতা হয় ১০টি জেলার অন্তত ১০ স্থানে। যানবাহনে আগুন দেওয়া হয় আটটি। ভাঙচুর করা হয় আরও ১৯টি। নাশকতার আশঙ্কা, মামলা ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয় ২১০ জনকে।
গত বছরের ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে ৬ জানুয়ারি থেকে ২০-দলীয় জোটের ডাকে টানা এই অবরোধ চলছে। তবে সহিংসতার শুরু এর দুই দিন আগে থেকেই। গত ২৩ দিনে সহিংসতায় নিহত হয়েছেন ৩৬ জন। আগুন দেওয়া হয় ৩৩৩টি যানবাহনে এবং ভাঙচুর করা হয় ৪৩১টি।
ওদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করার প্রতিবাদ এবং দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে ২৪ ঘণ্টা হরতাল ডেকেছে ২০-দলীয় জোট। আর কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা শহর এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় একই দিন সকাল ছয়টা থেকে ৩৬ ঘণ্টা হরতাল ডেকেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। নিজ সংগঠনের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ মঙ্গলবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।
ঢাকার বাইরের চিত্র
অবরোধের আগুনে পুড়ে প্রাণ হারালেন আরও একজন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা আড়াইটার দিকে মারা যান ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল মালেক। তাঁর বাড়ি নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ বাজার এলাকায়।
গত বুধবার রাত নয়টার দিকে দিনাজপুরের কাহারোলের ভাতগাঁও সেতু এলাকায় ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়েছিলেন আবদুল মালেক। ওই রাতেই তাঁকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বোমা হামলার সময় ট্রাকে টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। হাসপাতালে ভর্তির পর তাঁকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থা এতই গুরুতর ছিল যে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন তিনি। বোমায় তাঁর মুখ, দুই হাত, বুক ও শ্বাসনালি পুড়ে যায়। বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক মারুফুল ইসলাম বলেন, শ্বাসনালিসহ শরীরের ৪০ শতাংশ পুড়ে যায় এই ব্যবসায়ীর।
আবদুল মালেকের তিন ছেলে ও দুই মেয়ে। বাবার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসে আহাজারি করছিলেন বড় ছেলে আবদুল মোতালেব। বলছিলেন, ‘ দেশোত কী হইল। রাস্তার বের হয়া ভালো মানুষটা হামার বাপোক (বাবা) আগুনোত মারি ফেলাইল।’
চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় এলাকায় একটি খালি ট্রাকবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বিজিবি ও পুলিশের পাহারায় স্বরূপনগর এলাকা থেকে ট্রাকবহরটি সোনামসজিদ স্থলবন্দরে যাচ্ছিল। পথে এ হামলার ঘটনা ঘটে। সাত-আটটি অটোরিকশাও এ সময় ভাঙচুর করা হয়।
পুলিশ বলছে, হামলাকারীরা জামায়াত-শিবিরের কর্মী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৫ জনকে আটক করেছে।
ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল এলাকায় গত রোববার রাতে একটি পিকআপ ভ্যানে হামলার পর সেটি পেট্রল ঢেলে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে চালক নাজমুল ইসলাম (২৬) গুরুতর দগ্ধ হয়েছেন। তাঁকে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় নাজমুলকে গতকাল রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়েছে। তাঁর শ্বাসনালিসহ শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও চালকের সহকারী মনিরুল ইসলাম জানান, বগুড়ার একটি খামার থেকে মুরগির বাচ্চা নিয়ে তাঁরা ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন। পথে রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের ওই স্থানে সড়কের ওপর কাঠের গুঁড়ি দেখে গাড়ির গতি কমাতেই দুর্বৃত্তরা গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। চালক নাজমুল গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে তাঁকে বাধা দেওয়া হয়। এতে গুরুতর দগ্ধ হন তিনি। অন্যদিকে মনিরুল কোনোমতে বেরিয়ে রক্ষা পান। নাজমুলের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে।
মনিরুল আরও বলেন, গাড়িতে আগুন দেওয়া ছাড়াও হামলাকারীরা তাঁকে দা দিয়ে কোপানোর চেষ্টা করে।
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বাসে গতকাল ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা জানায়, ‘সাম্যবাদী’ নামের বাসটি গ্যারেজে রাখা ছিল।
পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকায় একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছোড়ার পর সেটিতে আগুন ধরে যায়। এ সময় ভাঙচুর করা হয় আরেকটি ট্রাক ও একটি অটোরিকশা। রাত সাড়ে নয়টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে এগুলো কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা এ হামলা চালায়।
সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায় গতকাল সকালে মিছিল থেকে তিনটি যাত্রীবাহী লেগুনা ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা।
ময়মনসিংহের নান্দাইল-কেন্দুয়া সড়কের নান্দাইল চৌরাস্তা এলাকা থেকে গতকাল সকালে পেট্রলবাহী একটি যান পিকআপ আটকে দিয়ে সেটি পুলিশের কাছে তুলে দিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। পিকআপটিতে পেট্রলভর্তি ১১টি ড্রাম ছিল।
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেপুর স্টার লাইন ফিলিং স্টেশনে রোববার রাত তিনটার দিকে হামলা চালিয়েছেন সাত-আটজন যুবক। এ সময় সেখানে থাকা দুটি ট্রাক ভাঙচুর করে ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান তাঁরা।
বগুড়ার শিবগঞ্জের পাকুরতলায় রোববার রাতে একটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ায় কেউ হতাহত হননি। দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বাসটি।
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র আফজাল হোসেনের বাসা ও আন্তজেলা বাস টার্মিনালে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে এই দুই হামলার ঘটনা ঘটে। হামলার সময় মেয়রের বাসায় কেউ ছিলেন না।
নাটোরের সিংড়ায় গতকাল দুপুরে পুলিশের সঙ্গে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষে পুলিশসহ চারজন আহত হয়েছেন। এ সময় পুলিশের লাঠিপেটায় তাদের মিছিল ও সমাবেশ পণ্ড হয়ে যায়। ভাঙচুর করা হয় দুটি বাস ও দুটি ট্রাক। এ ছাড়া ক্ষমতাসীন দলীয় নেতা-কর্মীদের হরতালবিরোধী একটি মিছিল থেকে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও কিছু বিলবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা}