বোমা হামলায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় বোমা হামলায় ইমরান কবির ওরফে উজ্জ্বল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি খোলাডাঙ্গার শফিউল মুস্তফার ছেলে।
এ ঘটনায় ওমর আলী (২৫) নামের এক তরুণ আহত হয়েছেন। তাঁর বাবার নাম আবদুস সাত্তার। তাঁকে এ ঘটনায় আটক করা হয়েছে। পুলিশ হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
চিকিৎসাধীন ওমর আলী জানান, সন্ধ্যায় তাঁরা দুজন খোলাডাঙ্গা মোড়ের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে বোমা হামলা চালায়। বোমার আঘাতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। উজ্জ্বলকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোরের সহকারী পুলিশ সুপার (ক সার্কেল) ভাস্কর সাহা প্রথম আলোকে বলেন, আহত ওমরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য ও মারামারির পাঁচটি মামলা রয়েছে। এ জন্য ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোনো কোন্দলে এ বোমা হামলা চালানো হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।