বোমায় ক্ষত-বিক্ষত চার শিশু
কুড়িয়ে পাওয়া চারটি বোমা দিয়ে খেলা শুরু করেছিল চারটি শিশু। বল ভেবে একজন একটি বোমা মাটিতে নিক্ষেপ করামাত্রই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে উড়ে যায় তার ডান হাতের কবজি। ভয়ে অন্যরাও তাদের বলগুলো (বোমা) ছুড়ে মারে। এতে আরও দুটি বিস্ফোরিত হয়ে আহত হয় বাকি তিনজন।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামে এ ঘটনায় আহত শিশুদের সবার বয়স সাত। তারা সবাই স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী। আহত শিশুদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিশুরা হলো নওয়াপাড়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে আবদুর রহমান মুন্না, আসলাম গাজীর ছেলে অনিক হোসেন, আজিম সরদারের ছেলে আশিকুর রহমান সাগর ও মিন্টু হাওলাদারের মেয়ে ফাতেমা খাতুন। সাগর ও ফাতেমা খাতুন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
পুলিশ, একজন প্রত্যক্ষদর্শী ও আহত শিশুদের পরিবারের সদস্যরা জানান, সকাল পৌনে নয়টার দিকে ওই শিশুরা একই গ্রামে অবস্থিত নওয়াপাড়া মডেল কলেজের পাশে আনিস সরদারের পুকুর পাড়ে তাল কুড়াতে যায়। তালগাছের নিচে তারা পরিত্যক্ত একটি প্লাস্টিকের থলের ভেতর ধানের কুড়া দিয়ে ঢাকা চারটি তাজা বোমা দেখতে পেয়ে কুড়িয়ে নেয়। এরপর চারজন চারটি বোমা ভাগ করে নিয়ে খেলতে যায়। প্রথমে মুন্না একটি বোমা মাটিতে ছুড়লে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তার ডান হাতের কবজি উড়ে যায়। ভয়ে অন্য শিশুরা বোমাগুলো মাটিতে ফেলামাত্রই দুটি বোমা বিস্ফোরিত হয়ে তাদের শরীরের বিভিন্ন অংশে লাগে। একটি বোমা বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ এসে অবিস্ফোরিত বোমা ও বোমার স্প্লিন্টার উদ্ধার করে। এলাকাবাসী শিশুদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার গোলাম সাকলাইন বলেন, ‘শিশুরা শঙ্কামুক্ত। চিকিৎসায় এরা সুস্থ হয়ে উঠবে।’
সাগর ও ফাতেমা নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অনিক হোসেন সোহান প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। আবদুর রহমান মুন্না রাজঘাট হাফেজিয়া কওমি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দীন বলেন, ‘জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।’