বোয়ালখালীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি
আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
গতকাল রোববার সকালে ও শনিবার রাতে উপজেলার উত্তর কড়লডেঙ্গার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কড়লডেঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুন ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনছুর আহমদের অনুসারীদের মধ্যে এই গোলাগুলি হয়। শনিবার রাতে কমপক্ষে চারটি এবং গতকাল সকালে আরও কয়েকটি গুলিবর্ষণের ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।’
বিরোধের কথা স্বীকার করে যুবলীগের নেতা মোহাম্মদ হারুন বলেন, ‘মনছুর সাহেব শহরে বসবাস করেন। তিনি তাঁর বাহিনী দিয়ে মদের ব্যবসা নিয়ন্ত্রণ, লেবুর বাগান দখল, জমি দখল-বেদখলের কাজ করছেন। এসব কারণে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁর লোকজন গুলিবর্ষণ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন।’
অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি চেয়ারম্যান মনছুর আহমেদ বলেন, ‘হারুনকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। তবে তাঁর নাম শুনেছি। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। যুবলীগের নাম ব্যবহার করে তিনি এলাকায় অপকর্ম চালাচ্ছেন। গোলাগুলিও তিনি করেছেন বলে আমি শুনেছি।’