বোয়ালখালীতে দুর্বৃত্তের হামলায় মুক্তিযোদ্ধা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী বহদ্দার পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। জমি-সংক্রান্ত একটি মামলায় সাক্ষ্য দেওয়ায় তাঁর ওপর এ হামলা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে করা মামলায় অভিযোগ করা হয়েছে।
আহত মুক্তিযোদ্ধার নাম মো. আবদুল মান্নান (৭৫)। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ছেলে মো. সাইফুল বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার হামলার ঘটনায় বোয়ালখালী থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, বুধবার সন্ধ্যা সাতটার দিকে পশ্চিম গোমদণ্ডী বহদ্দার পুকুর পাড় এলাকার একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। জমি-সংক্রান্ত একটি মামলায় সাক্ষী দেওয়ায় তাঁর ওপর এ হামলা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মুক্তিযোদ্ধার ওপর হামলার নিন্দা জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ বোয়ালখালী উপজেলা কমান্ডার মো. হারুন মিয়া বলেন, এভাবে একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধার ওপর হামলা ন্যক্কারজনক ঘটনা। দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং হামলার বিচার দাবি করেন তিনি।