বোয়ালখালীতে ফ্যানে ঝোলানো মায়ের লাশ, বিছানায় মেয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শীলপাড়ার নিজ ঘর থেকে গতকাল মঙ্গলবার মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার রমিজ কেরানীপাড়া থেকে গতকাল মঙ্গলবার এক নারী ও তাঁর সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বোয়ালখালীতে নিহত ব্যক্তিরা হলেন শেলী শীল (৩৫) ও তাঁর মেয়ে অন্তরা শীল (৫)। ঘটনার পর থেকে শেলী শীলের স্বামী অসীম শীল পলাতক।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শেলী শীলের মরদেহ বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝোলানো অবস্থায় দেখতে পাই। তাঁর পাঁচ বছরের শিশুকন্যা অন্তরার লাশ বিছানায় পড়ে ছিল। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

নিহত শেলী শীলের ভাই সুজন শীল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এটি সুপরিকিল্পত হত্যাকাণ্ড। আমার বোনকে হত্যা করে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলিয়ে রাখেন তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। অন্তরা শীল ঘটনাটি দেখে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’ তিনি বলেন, অসীম শীল যৌতুকের জন্য প্রায়ই তাঁর বোনের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। এ নিয়ে অন্তত পাঁচবার সালিস হয়েছে। কিন্তু নির্যাতন থামেনি।

তবে শেলী শীলের শাশুড়ি সবিতা শীল বলেন, তাঁর ছেলে অসীম শীলের সঙ্গে শেলী শীলের কোনো মনোমালিন্য ছিল না। সোমবার বেলা তিনটায় বাড়িতে নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয় শেলী। দরজা না খোলায় অসীম অন্য কক্ষে ঘুমায়। সকালে সে শহরে অফিসে চলে যায়। এরপর অসীমের আট মাস বয়সী ছেলে অনুরাগের কান্না শুনে তিনি কক্ষের দরজা খুলে শেলীকে ঝুলন্ত অবস্থায় এবং বিছানায় অন্তরার লাশ দেখতে পান। এ সময় চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেন।

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি রহস্যজনক। তদন্ত শেষ না করে সুস্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। কাল (আজ বুধবার) লাশের ময়নাতদন্ত করা হবে।’

অন্তরা একটি কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির ছাত্রী। তার বাবা অসীম শীল চট্টগ্রাম আদালতের একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন।

এদিকে মাটিরাঙ্গায় নিহতেরা হলেন হোসনে আরা বেগম (২৫) ও তাঁর ছেলে মো. জাহেদুল ইসলাম (১)। হোসনে আরার স্বামী মো. ইয়াছিন মোল্লা পলাতক।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে হোসনে আরার ঘরের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পান তাঁর দেবরের স্ত্রী। তিনি দৌড়ে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। পরে তাঁর চিৎকারে পাড়া প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে হোসনে আরা ও তাঁর ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশ মা ও সন্তানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। পুলিশ বলছে, হোসনে আরা দরজা বন্ধ করে ছেলেকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর আত্মহত্যা করেন।

ছয় বছর আগে একই উপজেলার বেলছড়ি ইউনিয়নের হোসনে আরার সঙ্গে রমিজ কেরানীপাড়ার মো. ইয়াছিন মোল্লার বিয়ে হয়।

মাটিরাঙ্গা থানার ওসি সাহাদাত হোসেন প্রতিবেশীদের বরাত দিয়ে বলেন, এ ঘটনায় হোসনে আরার মা ছানোয়ারা বেগম জামাতা ইয়াছিন মোল্লার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করবেন।