বোয়ালখালীতে মার্কেট দখল নিয়ে উত্তেজনা, ফাঁকা গুলি বর্ষণ
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি একতলা মার্কেটের মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরে গতকাল রোববার দুপুরে উপজেলার কধুরখীলের চৌধুরীহাটে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এ সময় গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় লোকজন জানান।
মার্কেটের মালিকানা দাবি করা জাফর আহমেদ বলেন, তিন দশক ধরে তিনি মার্কেটটির মালিকানা ভোগ করছেন। হঠাৎ করে পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের (একাংশ) সভাপতি মো. রিয়াদ গত শনিবার রাতে মার্কেটের সামনে টিন দিয়ে ঘেরাও করে দেন। সকালে এগুলো তুলতে গেলে ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে রিয়াদ ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে আসেন। ভয়ে তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় তিনি মামলা করবেন
অভিযোগের বিষয়ে মো. রিয়াদ বলেন, কাগজপত্রে তিনি মালিক। জাফর পাশের জায়গার মালিক। তিনি কোনো সন্ত্রাসী নিয়ে যাননি। ফাঁকা গুলিও ছোড়েননি।
বোয়ালখালী থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, একটি মার্কেটের মালিকানা নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। থানায় কেউ এ ঘটনায় কোনো মামলা করেনি।