বোয়ালখালীতে মা-মেয়েকে মারধরের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে
চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশ তিন নারী ও এক কিশোরীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পূর্ব চরণদ্বীপের মসজিদঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জেসমিন আকতার (৩০) নামের এক নারী বলেন, গত মঙ্গলবার বিকেলে তাঁর মায়ের কেনা সম্পত্তিতে বেড়া দেওয়া হচ্ছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে দুজন পোশাকধারী পুলিশ ও সাদাপোশাকধারী একজন পুলিশ সদস্য সেখানে যান। তাঁরা গিয়ে ওই জায়গায় কাজ বন্ধ রাখতে বলেন। এ সময় জায়গার কাগজপত্র দেখাতে চাইলে পুলিশ তা দেখেনি। উল্টো পুলিশের সদস্যরা তাঁদের গালমন্দ করতে থাকেন। একপর্যায়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম তাঁর মা মায়াজানকে (৬৫) চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরে রাস্তায় ফেলে দেন। এতে বাধা দিতে গেলে পুলিশের অন্য সদস্যরা কাঠ দিয়ে তাঁর বোন জয়নাব বিবিকে (৩৪) মারধর শুরু করেন। একপর্যায়ে মারধর থেকে বাঁচতে তাঁর বোন দৌড়ে ঘরে ঢুকে যায়। পরে পুলিশের সদস্যরা ঘরে ঢুকে তাঁকে ও তাঁর বোনের মেয়ে জোলেখা আকতারকে (১৩) চড়-থাপ্পড় ও লাথি মারেন। এ সময় তাঁর ১৮ মাসের শিশুসন্তান নাহিদ কোল থেকে পড়ে আহত হয়।
চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামশুল আলম বলেন, পুলিশের মারধরে মায়াজানের ডান হাতের আঙুল ভেঙে গেছে। আহত নারীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বোয়ালখালী থানার এসআই আরিফুল ইসলাম বলেন, ‘আমরা সেখানে তদন্তে গিয়েছিলাম। কাউকে মারধর করিনি। জায়গা নিয়ে দুই পক্ষ মারামারি করেছে।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী বলেন, চরণদ্বীপের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়েছিলেন এসআই আরিফুল। তাঁর দাবি, পুলিশ কাউকে মারধর করেনি।