বোয়ালমারীতে সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের জয়পাশা বাজারে গত রোববার পাঁচ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে পুলিশের চার সদস্যসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়সহ ১৫টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শনিবার ক্রিকেট খেলা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এলাকার পাঁচটি গ্রামের লোক রোববারের সংঘর্ষে জড়িয়ে পড়ে। বাজারে বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ প্রথমে লাঠিপেটা ও পরে ৩৯টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুর পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, গত শনিবার জয়পাশায় ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলার সময় পরমেশ্বর্দী গ্রামের আদেলউদ্দিন আকন্দের ছেলে ফারুক আকন্দের (২৫) সঙ্গে পরমেশ্বর্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তমিজদ্দিন মোল্লার ভাতিজা কামালের (৩০) কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রোববার বিকেলে জয়পাশা বাজারে ফারুক ও তাঁর কয়েকজন সহযোগী কামালকে মারধর করে। এ খবর কামালের গ্রাম ধুলজোড়াতে ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে জয়পাশা বাজারে জড়ো হয়। এ খবর শুনে ফারুক আকন্দের সমর্থকেরাও বাজারে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় বাজারের নান্নু আলী, রুবেল, নান্নু শেখ, শিমুল, রাজকুমার, লুৎফর, ছিদ্দিক ও নজরুলের দোকানসহ ১৫টি দোকান ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়। সংঘর্ষের একপর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে এসে প্রথমে লাঠিপেটা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে পুলিশ শটগানের গুলি ছোড়ে। সংঘর্ষে বোয়ালমারী থানা-পুলিশের চার সদস্য আহত হয়। তাঁরা হলেন কনস্টেবল জাকির হোসেন (৪৫), জহির আহমেদ (৩০), আবদুল হালিম (৫০) ও আবদুল আলীম। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষে আহত অপর ১৭ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় কোনো পক্ষের সঙ্গেই মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।