বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডে আটক ৩
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় দুজন রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার বাইশারী বাজার থেকে দুই রোহিঙ্গাকে এবং উপর চাকপাড়া গ্রাম থেকে একজনকে আটক করেছে পুলিশ।
তিনজনই বাইশারী এলাকার একটি রাবারবাগানে কাজ করেন। তবে ভিক্ষু খুনের পেছনে কারা রয়েছে বা কী কারণে এই হত্যাকাণ্ড, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা নেই পুলিশের।
এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, তদন্তে সম্ভাব্য সবকিছু বিবেচনায় নেওয়া হচ্ছে। জঙ্গিগোষ্ঠী, জমি নিয়ে বিরোধ বা বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে কি না, সবই খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল শনিবার সকালে নাইক্ষ্যংছড়িতে বাইশারী ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের একটি বিহার থেকে বৌদ্ধ ভিক্ষু ধাম্মা ওয়াসা ওরফে উ গাইন্দ্যার লাশ পাওয়া যায়। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। ভিক্ষু হওয়ার আগে তাঁর নাম ছিল মং শৈ উ। এ ঘটনায় গতকাল শনিবার রাতে তাঁর ছেলে অং চা থোয়াই চাক অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোহিঙ্গা আবদুর রহিম ও জিয়াউল হক এবং চাকপাড়ার সামং চাককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে বৌদ্ধ ভিক্ষুকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ মহিলা পরিষদ ও বিশ্ব বৌদ্ধ ফেডারেশনের বাংলাদেশ চ্যাপ্টার। গণমাধ্যমে পাঠানো পৃথক তিন বিবৃতিতে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
নিহত বৌদ্ধ ভিক্ষুর ছেলে অং সাথোয়াই চাক আজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত বুধবার ভোরে বিহার এলাকায় অপরিচিত দুজন লোককে ঘোরাঘুরি করতে দেখেছেন তাঁর বাবা। তাঁদের আচরণ সন্দেহজনক ছিল এমন কথা তাঁর বাবা সেদিনই তাঁকে বলেছেন।
বান্দরবানের লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল-মাহমুদ হাসান বলেন, হত্যাকাণ্ডের দুই দিন আগে ভোরে দুই ব্যক্তিকে বিহার এলাকায় দেখা গেছে এমন তথ্য তাঁরাও জানতে পেরেছেন। যে রাতে হত্যাকাণ্ড ঘটেছে, সেই রাতে সামং চাককে (আটক) রড হাতে জাদি পাহাড়ে (চাকপাড়ার পূর্ব পাশে) ঘুরতে দেখে স্থানীয় লোকজন। লাশ উদ্ধার করা হয় যেদিন, সেদিন ভোরে বিহারের উত্তর পাশে দুই রোহিঙ্গাকে ঘুরতে দেখা যায়। এ জন্য তাঁদের আটক করা হয়েছে।
উপর চাকপাড়ার কার্বারি (পাড়াপ্রধান) মংক্যহ্লা চাক, বাইশারী মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) মংসানু চাক বলেন, তাঁদের এলাকায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সম্প্রীতি রয়েছে। নিহত ভিক্ষুর পরিবার সচ্ছল। পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিরোধ নেই।
পার্বত্য ভিক্ষু পরিষদের মানববন্ধন : ভিক্ষু হত্যার প্রতিবাদে রোববার বিকেলে বান্দরবান জেলা শহরে পার্বত্য ভিক্ষু পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। মিছিল শেষে বান্দরবান প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ভিক্ষু উপঞা জোত মহাথেরো, চাক নেতা মংমং চাক ও চাক ছাত্র কাউন্সিলের সভাপতি বিজয় চাক। বক্তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।