বৌদ্ধ মহাবিহারের প্রধানকেও হুমকি এ বি সিদ্দিকের নামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সবুজবাগের বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের পুরোহিত শুদ্ধানন্দ মহাথেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে সেখানে তাঁর সঙ্গে দেখা করেন ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক ও তথ্য) রাজেশ উইকি l প্রথম আলো
রাজধানীর সবুজবাগের বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের পুরোহিত শুদ্ধানন্দ মহাথেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে সেখানে তাঁর সঙ্গে দেখা করেন ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক ও তথ্য) রাজেশ উইকি l প্রথম আলো

রাজধানীর রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে যে নামে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, সেই এ বি সিদ্দিকের নাম ব্যবহার করে এবার সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রধানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ হুমকির পর মহাবিহার এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকার শ্রীলঙ্কার হাইকমিশনার ও ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।
গত মঙ্গলবার দুপুরে একটি চিঠি পাঠিয়ে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রধান শুদ্ধানন্দ মহাথেরকে হত্যার হুমকি দেওয়া হয়। সে দিনই এ ব্যাপারে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর পরিপ্রেক্ষিতে সেখানে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়।
হুমকির বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, রামকৃষ্ণ মিশনের গুরুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল এ বি সিদ্দিক নাম ব্যবহার করে। একই নাম ব্যবহার করে ধর্মরাজিক মহাবিহারের প্রধানকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং মহাবিহারের প্রধানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগও কাজ করছে। তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে পরে বিস্তারিত জানা যাবে।

১৫ জুন এ বি সিদ্দিক নাম ব্যবহার করে আইএসের নামে চিঠি দিয়ে রামকৃষ্ণ মিশনের গুরু সেবানন্দকে হত্যার হুমকি দেওয়া হয়। তদন্তের পর পুলিশ দাবি করে, আইএস নয়, ব্যক্তিগত রেষারেষির কারণে একজনকে ফাঁসাতে ওই হুমকি দেওয়া হয়েছিল।

এদিকে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রাজেশ উকাইয়ের নেতৃত্বে হাইকমিশনের একটি প্রতিনিধিদল ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আসে। তাঁরা বৌদ্ধ মহাবিহারের প্রধান শুদ্ধানন্দ মহাথেরসহ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কোনো তথ্য দেওয়া হয়নি। তবে সূত্র বলেছে, বৈঠকে রাজেশ ভারতীয় হাইকমিশনের পক্ষে এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বৈঠক শেষে শুদ্ধানন্দ মহাথের সাংবাদিকদের বলেন, প্রাণনাশের হুমকির চিঠি পাওয়ার পর তাঁদের বিষয়টি জানিয়ে মহাবিহারে আসার জন্য অনুরোধ করা হয়েছিল। তাই তাঁরা এসে দেখে গেছেন।

এর ঘণ্টা খানেক পর মহাবিহারে আসেন ঢাকার শ্রীলঙ্কান হাইকমিশনার যশোদা গুনাসেকারা। তিনি প্রায় দেড় ঘণ্টা মহাবিহারে অবস্থান করেন ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

হুমকি দেওয়া ওই চিঠিতে শুদ্ধানন্দ মহাথেরকে ধর্ম প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের জ্যেষ্ঠ সহসভাপতি পি আর বড়ুয়া। তিনি বলেন, চিঠিতে কোনো সংগঠনের নাম ব্যবহার করা হয়নি, কারও নামও উল্লেখ করা হয়নি।

মহাবিহারের নিরাপত্তাব্যবস্থা ও পুলিশের সহযোগিতায় সন্তুষ্টি প্রকাশ করে পি আর বড়ুয়া বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। প্রায় এক বছর ধরে পুলিশ মহাবিহারের নিরাপত্তা দিয়ে আসছে। এখন ২৪ ঘণ্টা পালা করে পুলিশ সদস্যরা পাহারা দিচ্ছেন।