বৌদ্ধ সম্প্রদায়ের দুজনকে আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানের সময় রাজধানীর রামপুরা থেকে দুই বৌদ্ধ ব্যবসায়ীকে আটকে রেখে ২০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে সিআইডির এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন রামপুরা বাজারের বিডি ট্রেডিংয়ের মালিক মানস বড়ুয়ার ছেলে সৌরভ বড়ুয়া ও তাঁর শ্যালক সবুজ বড়ুয়া। গত বুধবার বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি অসীম রঞ্জন বড়ুয়া ১৪ দলের সভায় ওই দুই ব্যক্তিকে পুলিশের হেনস্তার বিষয়টি উত্থাপন করে এর প্রতিকার চান।
রামপুরা বাজারের মোড়ে ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসার দোকান বিডি ট্রেডিংয়ের মালিক মানস বড়ুয়া। গতকাল ওই দোকানে গেলে মানস বড়ুয়া প্রথম আলোকে বলেন, ১৮ জুন তিনি কক্সবাজারে গ্রামের বাড়িতে থাকায় তাঁর ছেলে সৌরভ বড়ুয়া দোকানে বসেন। ওই দিন কোনো এক সময় এসআই ইসরাফিল শামীম তাঁদের দোকান থেকে তাঁর মুঠোফোনে ৫০০ টাকা বিকাশ করেন। পরদিন বেলা আড়াইটার সময় ইসরাফিল আবার তাঁর দোকানে এসে সৌরভকে বলেন, বিকাশ করে যাওয়ার পর তাঁকে ফোন করে বলা হয়েছে যে ভুলে তাঁর মুঠোফোনে এক হাজার টাকা চলে গেছে। তাই অতিরিক্ত ৫০০ টাকা ফেরত দিতে বলা হয়েছে। সৌরভ বিষয়টি ঠিক নয় বলে জানান। তখন ইসরাফিল তাঁকে মারধর করেন এবং আটক করে নিয়ে যেতে চান। সৌরভ তখন মুঠোফোনে তাঁর মামা সবুজকে জানান। কিছুক্ষণের মধ্যে সবুজও দোকানে আসেন। এসআই ইসরাফিল তখন সবুজ ও সৌরভ দুজনকেই আটক করে সিআইডি প্রধান কার্যালয়ে নিয়ে যান।
মানস বড়ুয়া বলেন, বিষয়টি জানতে পেরে তিনি সঙ্গে সঙ্গে তাঁর সম্প্রদায়ের নেতা ও ধর্মীয় গুরুদের জানান। তাঁরা তাঁদের পরিচিত পুলিশ সদর দপ্তরের দুজন এআইজিকে বিষয়টি জানান। তাতে কোনো কাজ হয়নি। পরে তাঁর ভগ্নিপতি রতন বড়ুয়া ও বুড্ডিস্ট ইয়ুথ ফেডারেশনের সভাপতি কাজল বড়ুয়া সিআইডি কার্যালয়ে গেলে এসআই ইসরাফিল প্রথমে এক লাখ টাকা দাবি করেন। কিন্তু এত পরিমাণ টাকা দেওয়া সম্ভব নয় বলে জানালে পরে ২০ হাজার টাকায় দফারফা হয়। এরপর সিআইডি কার্যালয় থেকে সবুজ ও সৌরভ ছাড়া পান। সন্ধ্যা ছয়টার দিকে ছেড়ে দেওয়ার আগে ইসরাফিল একটি সাদা কাগজে রতন বড়ুয়া ও সৌরভের সই নিয়ে রাখেন।
রতন বড়ুয়া প্রথম আলোকে বলেন, সাদা কাগজে সই রাখায় তাঁরা ঘাবড়ে যান। নতুন কোনো বিপদে পড়েন কি না, এ ভয়ে কারও কাছে অভিযোগ করেননি।
এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে এসআই ইসরাফিল শামীম গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। হয়তো কোনোভাবে এটা ঘটে গেছে। বিষয়টি নিয়ে আমি এখন সিনিয়র স্যারদের সঙ্গে কথা বলছি। এখন বেশি কথা বলতে পারব না।’