সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদে এবং রাজশাহীর বাগমারা উপজেলায় বারনই নদ ও ফকিন্নী নদীতে মাছ ধরতে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এ ছাড়া জেলেরা সুতি জাল ব্যবহার করছেন। এ অবস্থায় দেশি প্রজাতির পোনাসহ বিভিন্ন মাছ হুমকির মুখে পড়েছে।
মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, নদ-নদী, খাল-বিলে মাছ চলাচলের পথে আড়াআড়িভাবে বাঁধ বা স্থায়ীভাবে বেড়া দেওয়া দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া প্রতিবছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নয় ইঞ্চির ছোট নলা মাছ এবং ৩০ সেন্টিমিটারের ছোট বোয়াল ও আইড় মাছ ধরা বা বিক্রি করা যাবে না। এ বিধি লঙ্ঘন করলে এক থেকে দুই বছর সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
গত শনিবার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা হালদারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ২০০ মিটার প্রস্থ ফুলজোড় নদের একটি অংশে আড়াআড়িভাবে তিনটি বেড়া দেওয়া হয়েছে। দুই পাশের দুটি প্রায় ৪০ মিটার করে আর মাঝের বড় বেড়াটির দৈর্ঘ্য প্রায় ১০০ মিটার। একটি থেকে আরেকটির দূরত্ব প্রায় ১০ মিটার। এলাকার আবদুল মজিদ তালুকদার, আবদুল বারিক তালুকদারসহ পাঁচজন বলেন, এখন আর নদীতে বড় নৌকা চলে না। তবে ছোট নৌকা চলাচলের জন্য দুই পাশে কিছুটা ফাঁকা রাখা হয়েছে।
ওই এলাকার ১০ জন বাসিন্দা বলেন, প্রতিবছর নদীতে পানি কমার এই সময়ে ঘুড়কা হালদারপাড়ার রবি হালদারের নেতৃত্বে কয়েকজন বাঁশের তৈরি এই ফাঁদ পেতে মাছ নিধন করছেন। এই ফাঁদে ব্যাপক হারে বোয়াল মাছের পোনা ধরা পড়ছে। এ ছাড়া বাইম, পাবদা, গোছি, চেলা, আইড়, ভাগনাসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ ধরা পড়ছে।
রবি হালদার বলেন, তিনি পাড়ার কয়েকজনকে নিয়ে নদে বাঁশের খুঁটি ও জাল পেতে মাছ ধরছেন। তবে আইনবিরোধী কি না, তা তাঁর জানা নেই।
ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ বলেন, বাঁশের বেড়া দিয়ে নদ থেকে মাছ ধরা হচ্ছে কি না, তা তাঁর জানা নেই। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিষয়টি জেনে এ বিষয়ে মৌখিকভাবে ওই ব্যক্তিকে বেড়া ও সুতি জাল তুলে নিতে বলা হয়েছে।
এদিকে ২৮ অক্টোবর বারনই নদ ও ফকিন্নী নদী এলাকা ঘুরে দেখা যায়, চারটি সুতি জাল ও নয়টি বাঁশের বেড়া নির্মাণ করা হয়েছে মাছ ধরতে। বারনই নদে বেড়া ও সুতি জালের সংখ্যা বেশি। গণিপুর ইউনিয়ন এলাকার চার কিলোমিটারের মধ্যে তিনটি সুতি জাল বসানো হয়েছে। স্থানীয় প্রভাবশালী লাউপাড়ার আবদুল আজিজ, হাসনিপুরের মন্টু ও মুক্তা নামের তিন ব্যক্তি বারনই নদে এ বেড়া দিয়েছেন। এ ছাড়া ফকিন্নী নদীতে বাগমারা থানা-সংলগ্ন স্থানেও তিনটি স্থানে বেড়া দেওয়া হয়েছে। সুতি জালে পড়ছে ডিম, রেণু, মা মাছ, শামুক-ঝিনুকসহ নানা ধরনের মাছ। বেড়া মাঝখানে যে পরিমাণ ফাঁকা রাখা হয়েছে, তার মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে নৌকা চলাচল করছে।
এলাকার ১০-১২ জন মৎস্যজীবী বলেন, প্রভাবশালী ব্যক্তিরা বেড়া দিয়ে পানির গতি বাড়িয়ে সুতি জাল দিয়ে মাছ ধরছেন। এ কারণে তাঁরা মাছ পাচ্ছেন না। বিভিন্ন পত্রিকায় লেখালেখির কারণে মৎস্য বিভাগ শুধু উচ্ছেদের নোটিশ দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করে।
এ বিষয়ে মন্টু হালদার ও আবদুল আজিজ বলেন, প্রতিবছর তাঁরা সুতি জাল দিয়ে মাছ ধরেন, তাই এবারও দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইেল বাগমারা উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, বেড়া নির্মাণকারীরা সবাই প্রভাবশালী। নির্বাহী হাকিমের অভাবে সেগুলো উচ্ছেদ করা যাচ্ছে না। তবে এ বিষয়ে আলাপ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।