বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার বাক্প্রতিবন্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের একটি গ্রামে নানার বাড়ি বেড়াতে গিয়ে এক বাক্প্রতিবন্ধী কিশোরী (১৬) গত শনিবার ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রাতেই কিশোরীর মা একজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
মামলার একমাত্র আসামি খোকন ওই গ্রামের মুকুল হোসেনের ছেলে।
ওই কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটির বাড়ি একই ইউনিয়নে। শনিবার দুপুরে সে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে তাকে নানির কাছে রেখে একই গ্রামে ফুফার বাড়িতে যান তার মা। এর কিছুক্ষণ পর ওই কিশোরী তার মাকে খুঁজতে নানার বাড়ি থেকে বের হয়। এ সময় তাকে একা পেয়ে গ্রামের খোকন কৌশলে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর হাত-পা ও মুখ বেঁধে ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে বাঁধন খুলে দিয়ে খোকন পালিয়ে যান। কিশোরীটি নানার বাড়ি ফিরে ইশারায় সবকিছু বলে। বাড়ির লোকজন খোকনের ঘরে গিয়ে আলামত দেখে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়। এরপর মুজিবনগর থানা-পুলিশকে খবর দেওয়া হয়।
থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ধর্ষণের আলামত হিসেবে খোকনের বাড়ি থেকে একটি কাপড় উদ্ধার করেছে। গতকাল রোববার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে মেয়েটির শারীরিক পরীক্ষা করানো হয়েছে। তাতে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আসামি খোকন পলাতক।