বেড়ায় অবৈধভাবে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়ায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তুলে উপজেলার নগরবাড়ি ঘাটে পাইপলাইনের মাধ্যমে এনে পাড়ে রাখা হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বেড়ায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তুলে উপজেলার নগরবাড়ি ঘাটে পাইপলাইনের মাধ্যমে এনে পাড়ে রাখা হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

অবৈধভাবে বালু উত্তোলন করা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনকারীদের দণ্ড দিয়েছেন। প্রশাসনের নজরদারি কমায় পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীতে ফের অবৈধভাবে বালু উত্তোলন শুরু হয়েছে।
এর ফলে নদীতীরের কয়েকটি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। হুমকির মুখে রয়েছে নগরবাড়ি ঘাট ও নাকালিয়া বাজার।
সরেজমিন ঘুরে ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোহনগঞ্জ থেকে ঢালারচর পর্যন্ত যমুনা নদীর প্রায় ২০ কিলোমিটার অংশে রয়েছে বালু উত্তোলনকারীদের একচ্ছত্র আধিপত্য। সবচেয়ে বেশি বালু উত্তোলন করা হচ্ছে নগরবাড়ি ঘাটের পাশ থেকে। সেখানে অর্ধশতাধিক খননযন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন করে বড় নৌকা অথবা কার্গোতে বোঝাই করে নগরবাড়ি ঘাটে নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে দীর্ঘ পাইপের মাধ্যমে বালু এনে রাখা হয় নগরবাড়ি ঘাটের পাশের খোলা জায়গায়। সেখান থেকে বালু বোঝাই করে ট্রাক চলে যায় বিভিন্ন স্থানে। এ ছাড়া নটাখোলা, কাজিরহাট, ঢালারচর এলাকা থেকেও বালু তোলা হচ্ছে। এর ফলে দক্ষিণ চরপেঁচাকোলা গ্রামের বেশির ভাগ অংশ ও চরপেঁচাকোলা গ্রামের প্রায় অর্ধেক অংশ যমুনায় বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়েছে আরও কয়েকটি গ্রাম। হুমকিতে রয়েছে ঐতিহ্যবাহী নাকালিয়া বাজারসহ অন্তত ১২টি গ্রাম।
এমন পরিস্থিতিতে যমুনার চর ও তীরসংলগ্ন ১৫টি গ্রামের মানুষ একজোট হয়ে ‘সর্বদলীয় বালুকাটা প্রতিরোধ কমিটি’ গঠন করেছে। কমিটির উদ্যোগে গত সেপ্টেম্বরে নাকালিয়া বাজারের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ওই মাসের শেষের দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নটাখোলা ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এলাকাবাসীর আন্দোলন ও প্রশাসনের হস্তক্ষেপে গত মাসের প্রথম তিন সপ্তাহ বালু উত্তোলনকারীদের দৌরাত্ম্য কমে। তবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আবারও ব্যাপকভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
বালুকাটা প্রতিরোধ কমিটি ও নাকালিয়া বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘বালুদস্যুদের কারণে আমাদের অস্তিত্ব হুমকির মুখে। বালু উত্তোলন বন্ধে উপজেলা ও জেলা প্রশাসনের কাছে হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েও কোনো ফল পাচ্ছি না।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, বালু উত্তোলনের সঙ্গে ২৫-৩০ জন প্রভাবশালী ব্যক্তি জড়িত। তাঁদের মধ্যে নগরবাড়ি ঘাট নলখোলা বণিক সমিতির সাধারণ সম্পাদক ও পুরাণভারেঙ্গা ইউপির চেয়ারম্যান এ এম রফিকউল্লা রয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি বালু উত্তোলনের পক্ষে নই। এর ফলে নগরবাড়ি ঘাট মারাত্মক হুমকির মুখে পড়েছে। যেহেতু নতুন রেলপথ নির্মাণের জন্য প্রচুর বালু লাগছে, তাই প্রশাসনের পক্ষ থেকে বালু উত্তোলনের নিরাপদ স্থান দেখিয়ে দেওয়া উচিত।’
মোহনগঞ্জ থেকে রাকশা পর্যন্ত এলাকায় কইতোলা ইউপির সাবেক সদস্য শরীফুল ইসলাম বালু উত্তোলন করছেন বলে অভিযোগ রয়েছে। বালু উত্তোলনের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, ‘এতে কারও কোনো ক্ষতি হচ্ছে না। বরং নদীর নাব্যতা বজায় থাকছে। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাকে অপবাদ দিচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামসুন নাহার বলেন, ‘অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছিলাম। আবার যদি বালু উত্তোলন শুরু হয়ে থাকে, তবে শিগগিরই তা বন্ধ করা হবে।’