বেড়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় জোবেদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। যৌতুক না পেয়ে স্বামী আওয়ামী লীগের নেতা রজব আলী (৪৮) তাঁকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার গভীর রাতে জোবেদাকে মারধর করার পর রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত গৃহবধূর পরিবারের লোকজন ও এলাকার অন্তত ১০ জন জানান, উপজেলার হাটুরিয়া গ্রামে রজব আলীর বাড়ি। তিনি হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত কমিটির সভাপতি। তাঁর প্রথম ও তৃতীয় স্ত্রী আপন দুই বোন। তাঁদের বাড়িও হাটুরিয়া গ্রামে।
নিহত জোবেদার মা আবেদা খাতুন বলেন, ২০ থেকে ২৫ বছর আগে রজব আলীর সঙ্গে আবেদা খাতুনের বড় মেয়ে বুলু খাতুনের বিয়ে হয়। এর বছর পাঁচেক পর তিনি বিলকিস আক্তার নামের আরও এক নারীকে বিয়ে করেন। বছর দশেক আগে রজব আলী আবেদার ছোট মেয়ে জোবেদাকে ভয় দেখিয়ে ও জোর করে বিয়ে করেন। বিয়ের পর থেকে রজব আলী যৌতুকের দাবিতে ও তুচ্ছ কারণে জোবেদাকে মারধর করতেন।
জোবেদার পরিবারের লোকজন জানান, শুক্রবার গভীর রাতে রজব আলী যৌতুকের দাবিতে জোবেদাকে পেটাতে শুরু করেন। তিনি জোবেদার পেটের ওপর দাঁড়িয়ে পাড়াতে থাকেন। একপর্যায়ে জোবেদা অচেতন হয়ে পড়েন ও তাঁর নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। শনিবার সকালে প্রথমে তাঁকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জোবেদার মা আবেদা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মেয়েকে কীভাবে নির্যাতন করা হয়েছিল, তার সবই হাসপাতালে আমাকে বলে গেছে।’
বেড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘রজব আলী হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত কমিটির সভাপতি।’
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জোবেদার ভাই কোরমান আলী বাদী হয়ে রোববার বিকেলে মামলা করেছেন। শিগগিরই আমরা রজব আলীকে ধরতে পারব বলে আশা করছি।’