বেড়ায় উপবৃত্তির টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার নান্দিয়ারা নামক স্থানে গতকাল মঙ্গলবার কৃষি ব্যাংকের দুই কর্মকর্তার কাছ থেকে ৯ লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়েছে। তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির টাকা বিতরণে যাওয়ার পথে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, কৃষি ব্যাংক আমিনপুর শাখার দুজন কর্মকর্তা অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখা থেকে উপবৃত্তির টাকা বিতরণের জন্য ৯ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন। গতকালই ওই টাকা উপজেলার দীঘলকান্দি, চরকান্দি ও সিংহাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের কথা ছিল। উপবৃত্তির টাকা বিতরণের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁরা বিদ্যালয়গুলোর দিকে যাচ্ছিলেন। বেলা দুইটার দিকে নান্দিয়ারা নামক স্থানে পৌঁছানোর পর দুটি মোটরসাইকেলে চড়ে ছয়জন ছিনতাইকারী অটোরিকশাটির গতিরোধ করে অস্ত্রের মুখে ৯ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম তাজুল হুদা বলেন, গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত থানায় মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।