বেড়ায় চরমপন্থীদের গুলিতে তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার দুর্গম জনপদ ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর গ্রামে চরমপন্থীদের গুলিতে মিরাজ মণ্ডল (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, মিরাজ একসময় চরমপন্থী দলের জুলহাস গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। তবে বেশ কিছুদিন ধরে তিনি দল ত্যাগ করে স্বাভাবিক জীবন যাপন করছিলেন। এ অবস্থায় সোমবার সন্ধ্যা সাতটার দিকে তাঁকে তাঁর বাড়ি থেকে জুলহাস গ্রুপের ছয় থেকে সাতজন সদস্য কৌশলে ডেকে নিয়ে যান। বাড়ি থেকে কিছু দূর নিয়ে যাওয়ার পরই সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড এম তাজুল হুদা বলেন, চরমপন্থীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে। তারপরও তদন্ত করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মিরাজের ভাই শাহীন মণ্ডল বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।