বেড়ায় ডাকাত সন্দেহে দুই পুলিশসহ চারজনকে গণপিটুনি
পাবনার বেড়া উপজেলায় ডাকাত সন্দেহে দুই পুলিশসহ চারজনকে গণপিটুনি দিয়ে মারাত্মক আহত করেছে উত্তেজিত জনতা। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাকালিয়া বাজারে ঘটনাটি ঘটেছে।
আহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের গজারিয়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) লাল মিয়া, কনস্টেবল চুন্নু মিয়া, নৌকার মাঝি নরেশ মালো ও পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আসামি খোরশেদ আলী। খবর পেয়ে বেড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ব্যক্তিরা নৌকা নিয়ে যাওয়ার পথে সাহ্রি খাওয়ার জন্য বাজারে নামলে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পাঁচ-ছয় মাস আগে গজারিয়া পুলিশ তদন্তকেন্দ্রের আওতাধীন এলাকায় পদ্মা নদীতে একটি গরুবোঝাই নৌকায় ডাকাতি হয়। ওই মামলার তদন্তের জন্য মঙ্গলবার রাতে এসআই লাল মিয়া ও কনস্টেবল চুন্নু মিয়া সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় যান। পরে ওই থানার কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে তাঁরা ওই উপজেলার চরবন্যা গ্রামে গিয়ে মামলার দুজন আসামিকে গ্রেপ্তার ও আলামত হিসেবে একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেন। গ্রেপ্তার দুই আসামি হলেন চরবন্যা গ্রামের আবদুল হক ও খোরশেদ আলী। এসআই লাল মিয়া ও কনস্টেবল চুন্নু মিয়া প্রয়োজন হতে পারে ভেবে গজারিয়া থেকে তাঁদের সঙ্গে করে আগেই দুজন নৌকার মাঝি নিয়ে এসেছিলেন। মঙ্গলবার গভীর রাতে শাহজাদপুর থানার পুলিশ সদস্যরা বিদায় নেওয়ার পর তাঁরা জব্দ করা ইঞ্জিনচালিত নৌকায় করে দুজন আসামি ও দুজন মাঝিসহ গজারিয়ার উদ্দেশে রওনা দেন। যমুনা নদীপথে যাওয়ার সময় রাত আড়াইটার দিকে সাহ্রি খাওয়ার জন্য তাঁরা নৌকাটি বেড়া উপজেলার নাকালিয়া বাজারে ভেড়ান। সেখানে নামার পর বাজারে কর্তব্যরত নৈশপ্রহরীরা তাঁদের ডাকাত বলে সন্দেহ করেন এবং চিৎকার করতে থাকেন। এতে বাজারে ডাকাত পড়েছে বলে এলাকায় প্রচার হয়ে যায়। মুহূর্তের মধ্যে বাজারে শত শত এলাকাবাসী ছুটে এসে পুলিশের পোশাক পরা অবস্থায় এসআই লাল মিয়া, কনস্টেবল চুন্নু মিয়া, আসামি খোরশেদ আলী ও নৌকার মাঝি নরেশ মালোকে গণপিটুনি দেয়। এতে তাঁরা মারাত্মক আহত হন। খবর পেয়ে বেড়া থানা-পুলিশ তাঁদের উদ্ধার করে রাতেই বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ঘটনার সময় আরেক আসামি আবদুল হক ও মাঝি দুলাল হোসেন পালিয়ে যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নাকালিয়া বাজারের সাত থেকে আটজন ব্যবসায়ী জানান, গত তিন বছরে বাজারে কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০১৪ সালের ২ মার্চ ও চলতি বছরের ৫ মার্চ রাতে বাজারে গণডাকাতির ঘটনা ঘটে। এ ছাড়া গত দু-তিন বছরে বাজারে বেশ কয়েকটি চুরির ঘটনাও ঘটেছে। ফলে বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। আর এই আতঙ্কের জেরেই গণপিটুনির ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এসআই লাল মিয়া বলেন, ‘নৌকা নিয়ে যাওয়ার পথে বাজার দেখতে পেয়ে সাহ্রি খাওয়ার জন্য আমরা সেখানে নামি। সেখানে নেমে হোটেল খুঁজতে থাকার একপর্যায়ে শত শত লোক এসে আমাদের ঘিরে ধরে ও পিটুনি শুরু করে। সবাইকে আমাদের পোশাক দেখিয়ে বারবার পরিচয় দেওয়ার চেষ্টা করেও কোনো ফল পাইনি।’
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোতালেব বলেন, জনতা ভুল বুঝে ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দিলে দুঃখজনক ঘটনাটি ঘটে। এ বিষয়ে মামলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।