বেড়ায় দরপত্র নিয়ে দ্বন্দ্বে আ.লীগ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় দরপত্র নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বে এক পক্ষের হামলায় আলীম খাঁ নামে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। গত সোমবার রাতে বেড়া পৌরসভার নতুনপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত আলীম খাঁর (৩৫) বাড়ি পৌরসভার হাতিগাড়া মহল্লায়। আহত মিলন মাহমুদ (৩২) ও দুলাল হোসেনের (৩২) বাড়ি একই এলাকায়। তাঁরা তিনজনই আওয়ামী লীগের কর্মী। এ ঘটনায় আলীমের ভাই শফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার এক ঠিকাদারসহ ২০-২৫ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বেড়া উপজেলা পরিষদের বাসাবাড়ি মেরামত ও দেয়াল নির্মাণের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করে। দরপত্রে অংশগ্রহণ নিয়ে পৌরসভার বাসিন্দা ঠিকাদার শফিকুল ইসলাম ও আলীম খাঁরলোকজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। দুই পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সোমবার দরপত্রের লটারি হয়। এতে সিরাজগঞ্জের দুই ঠিকাদার নির্বাচিত হন। এর জের ধরে সোমবার দুপুরের দিকে আলীম খাঁর লোকজন শফিকুলকে মারধর করে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। রাত সোয়া নয়টার দিকে আলীম তাঁর দুই সঙ্গী মিলন ও দুলালকে নিয়ে বাড়ি ফিরছিলেন। নতুনপাড়া মহল্লায় পৌঁছালে ১৫-২০ জন তাঁদের ওপর হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত তিনজনকে দ্রুত সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১১টার দিকে আলীমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে বাকি দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘তাঁরা দলীয় সমর্থক এটা ঠিক। তবে ঘটনার সঙ্গে দলীয় বিষয় যুক্ত নয়। এটা তাঁদের ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়।’

বেড়া মডেল থানার ওসি আবদুল মোতালেব বলেন, ‘শুনেছি, শত্রুতার জেরে এবং দরপত্রকে কেন্দ্র করে হামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।’