বেড়ায় সাত মৎস্যজীবীকে পিটিয়ে জখম
পাবনার বেড়া উপজেলায় সাত মৎস্যজীবীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে বেড়া পৌর এলাকার মোহনগঞ্জে যমুনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। আহত মৎস্যজীবীদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মৎস্যজীবীরা জানান, মোহনগঞ্জ গ্রামের তনু সরদার, নূরু সরদার, রবিউল সরদার, আতিকুল সরদার, হাসান সরদারসহ কয়েকজন তরুণ তাঁদের কাছে কিছুদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন।
সোমবার রাত আটটার দিকে মোহনগঞ্জে যমুনা নদীর পাড়ে মৎস্যজীবীরা নৌকা ভিড়িয়ে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় সেখান দিয়ে নূরু, তনু, রবিউল, আতিকুল, হাসানসহ ১০ থেকে ১২ জন তরুণ নৌকা নিয়ে এসে মৎস্যজীবীদের নৌকায় ধাক্কা দেন। মৎস্যজীবীরা এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তরুণেরা দা, লগি ও বৈঠা নিয়ে মৎস্যজীবীদের ওপর হামলা চালান। এতে নৌকায় থাকা সাত মৎস্যজীবী আহত হন।
আহত মৎস্যজীবীরা হলেন নয়ন রাজবংশী, সমর রাজবংশী, জুগল রাজবংশী, মিলন রাজবংশী, আলমগীর হোসেন, আবুল সরদার ও কালেব মণ্ডল।