বেড়িবাঁধ থেকে গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বরইতলা-মনতাজখালী বাজার এলাকায় বেড়িবাঁধ থেকে রাতের অন্ধকারে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।
সম্প্রতি সরেজমিনে বরইতলা থেকে মনতাজখালী পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় বাঁধের দুপাশে শত শত গাছের গোড়া দেখা যায়। স্থানীয় লোকজনের ভাষ্য, দুই বছর ধরে বেড়িবাঁধের গাছ কাটা হচ্ছে। গাছ কেটে নেওয়ায় বাঁধের বিভিন্ন স্থানে মাটি সরে গেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকার একটি চক্র গাছ কাটার সঙ্গে জড়িত। তারা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায়, এলাকার কেউ প্রতিবাদ করার সাহস করে না। বরইতলা থেকে মনতাজখালী বাজার পর্যন্ত এলাকার ১০-১২ জন বাসিন্দার সঙ্গে এ বিষয়ে কথা হয়। তাঁরা কেউই গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম বলতে রাজি হননি। তাঁরা বলেন, গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম বললে এলাকায় থাকা যাবে না।
বছরখানেক আগে মনতাজখালী বাজারের কাছে বেড়িবাঁধের পাশে একটি করাতকল স্থাপন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, করাতকলের কারণে গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা আরও উৎসাহিত হয়েছে। তারা রাতের অন্ধকারে গাছ কেটে তা করাতকলে নিয়ে কাঠ বানিয়ে ফেলে। করাতকলের লোকজন ভয়ে তাদের কথা শুনতে বাধ্য হন।
তবে করাতকলের মালিক নাছির উদ্দিন তাঁর করাতকলে বেড়িবাঁধের গাছ কাটার অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রথম আলোকে বলেন, করাতকলের কর্মচারীদের এ বিষয়ে আগেই সতর্ক করে দিয়েছেন তিনি। যে কারণে গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা তাঁর করাতকলে আসে না।
চর তোরাব আলী গ্রামের বাসিন্দা আবদুল খালেক বলেন, প্রায় ১৫-১৬ বছর আগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই বেড়িবাঁধ নির্মাণ করে। এরপর বাঁধ রক্ষার জন্য লাগানো হয় ঝাউ, মেহগনি, জারুলসহ বিভিন্ন প্রজাতির গাছ। বাঁধের উর্বর মাটিতে প্রায় প্রতিটি গাছ দ্রুত বড় হয়ে যায়। এ কারণে গাছগুলো দুর্বৃত্তদের নজরে পড়ে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, বেড়িবাঁধটি পাউবোর হলেও গাছ লাগানো হয় বন বিভাগের উদ্যোগে। তাদেরই গাছগুলো দেখাশোনা করার কথা।
উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, তিনি বন বিভাগের চর আলাউদ্দিন রেঞ্জের কর্মকর্তা আবদুল ওহাবকে বিষয়টি দেখতে বলবেন।
গত সোমবার রেঞ্জ কর্মকর্তা আবদুল ওহাব বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার সত্যতা পেয়েছেন। তিনি বলেন, গাছগুলো বন বিভাগের নয়, পাউবোর লাগানো। গাছ কাটার ব্যাপারে স্থানীয় লোকজনকে সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধসংলগ্ন করাতকলের মালিককেও সতর্ক করা হয়।