বেড়িবাঁধে মিলল দেড় লাখ ইয়াবা বড়ি
কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে দেড় লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে টেকনাফ সদর চৌকির বিজিবির জওয়ানরা প্রতিদিনের মতো নাফ নদী সংলগ্ন আলোগোলার চিংড়ি খামার এলাকায় টহল দিচ্ছিল। এ সময় বেড়িবাঁধের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে পলিথিন মোড়ানো দেড় লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে পালিয়ে গেছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে চার কোটি টাকা।
২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, উদ্ধার করা ইয়াবা বড়ি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।