বেড়িবাঁধে 'বন্দুকযুদ্ধ', আহত ২
রাজধানীর মিরপুরে বেড়িবাঁধ এলাকায় আজ বুধবার ভোরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ বলছে, আহত দুজনই ছিনতাইকারী। গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি দল অভিযান চালাতে গেলে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান বলেন, বেড়িবাঁধ এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের পাশে বন্দুকযুদ্ধ হয়েছে। ছিনতাইকারীর দল জড়ো হচ্ছে—গোপন সূত্রে এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়তে থেকে। বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলের অদূরে থাকা রূপনগর থানার ঢহল পুলিশের একটি দল ডিবি পুলিশের সঙ্গে যোগ দেয়। বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলার একপর্যায়ে কয়েকজন ছিনতাইকারী পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে পুলিশ।
এসআই মোমিনুর জানান, গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের চিকিৎসাসেবা দিচ্ছেন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে একজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।