বেড়িবাঁধের মাটি যাচ্ছে ইটভাটায়
সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদের বন্যানিয়ন্ত্রণ বাঁধের মাটি নিচ্ছেন ইটভাটার মালিকেরা। প্রতিদিন ট্রলি ও ভ্যানে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার উপজেলার গোনালী এলাকায় গিয়ে দেখা যায়, ১০-১৫টি ভ্যানে করে নদের উত্তর পাশ থেকে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের মাটি কেটে শ্রমিকেরা নিয়ে যাচ্ছেন।
স্থানীয় লোকজন ও মাটি কাটার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব মাটি পাশের গোল্ডেন ব্রিকস ও আরবিএস ইটভাটায় নিয়ে যাওয়া হয়। এতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ দুর্বল হয়ে যাচ্ছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন, গত শনিবার কপোতাক্ষ নদের পাশের বাঁধ থেকে মাটি কাটার সময় ১৩ জন শ্রমিককে আটক করা হয়। বেড়িবাঁধ থেকে মাটি না কাটার মুচলেকা নিয়ে তাঁদের ক্ষমা করে দেওয়া হয়। এরপরও বেড়িবাঁধের মাটি কাটলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরবিএস ইটভাটার ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ব্যক্তিগত জমি ইজারা নিয়ে তাঁরা ওই মাটি নিচ্ছেন। মাটি নেওয়ায় বাঁধের কোনো ক্ষতি হচ্ছে না। জমির মালিকেরাও চাচ্ছেন তাঁদের জমি থেকে মাটি সরিয়ে ফেলতে। তাহলে জমিতে তাঁরা ফসল ফলাতে পারবেন।
এ ব্যাপারে জানতে চাইলে গোল্ডেন ব্রিকসের ব্যবস্থাপক প্রকাশ কবিরাজ বলেন, স্থানীয় ভূমিহীনদের কাছ থেকে জমি ইজারা নিয়ে তাঁরা ইটভাটা চালাচ্ছেন। বাঁধের কোনো ক্ষতি তাঁরা করছেন না। বাঁধের ২০-৩০ ফুট দূর থেকে এসব মাটি নেওয়া হচ্ছে।
উপজেলার খলিলনগর তহসিল অফিসের নায়েব হাসানত আলী বলেন, ইটভাটার মালিকদের মৌখিকভাবে মাটি নিতে
নিষেধ করা হয়েছে। যাঁরা শুনছেন না, তাঁদের প্রথমে নোটিশ দেওয়া হবে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী প্রবীর গোস্বামী বলেন, কপোতাক্ষ নদের পাশে বন্যানিয়ন্ত্রণ বাঁধের মাটি কেটে নেওয়া বন্ধ করতে ভাটার মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। তারপরও কেউ মাটি কাটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।