বৈঠকে একমত, বের হয়েই অমান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বৈঠকে সিদ্ধান্ত হয়, নগরের বঙ্গবন্ধু সড়কের মণ্ডলপাড়া থেকে নিতাইগঞ্জ মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং বা পণ্য ওঠানো-নামানোর কাজ করতে দেওয়া হবে না। বৈঠকে উপস্থিত জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা ওই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন।
কিন্তু বৈঠক শেষ হওয়ার পর বেলা তিনটায় নগর ভবনের সামনের রাস্তার দুই পাশে তিন-চার সারি করে ট্রাক পার্কিং করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। খবর পেয়ে এসপি ও ম্যাজিস্ট্রেটসহ চার প্লাটুন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তখন ট্রাক রেখে চাবি নিয়ে সটকে পড়েন চালকেরা। পরে ভ্রাম্যমাণ আদালত কয়েকটি ট্রাককে জরিমানা করেন। এদিকে বৈঠক শেষে ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হািজ রিপনই ট্রাকচালকদের অবৈধভাবে পার্কিং করার নির্দেশ দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে, নারায়ণগঞ্জ পৌরসভা ২০০৬ সালে ওই রাস্তার দুই পাশে ট্রাক পার্কিং নিষিদ্ধ করে। ২০০৯ সালের জানুয়ারিতে শামীম ওসমান দেশে ফিরে এলে হািজ রিপন রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ওই রাস্তায় আবার অবৈধ ট্রাকস্ট্যান্ড গড়ে তোলেন। ওই ট্রাকস্ট্যান্ড থেকে প্রতিদিনি গড়ে পাঁচ লাখ টাকা চাঁদা আদায় করা হতো।
গত এপ্রিল মাসে সাত খুনের ঘটনার পর নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল হয়। মে মাসে নতুন এসপি দায়িত্ব নেন। জুনের প্রথম সপ্তাহে ওই অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করেন তিনি। নিতাইগঞ্জের পাইকারি ভোগ্যপণ্য ওঠানো-নামানোর জন্য কয়েকটি বিকল্প সড়ক নির্ধারণ করে দেয় সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন। বেশ কিছুদিন ধরে নগর ভবনের সামনে আবারও অবৈধ ট্রাকস্ট্যান্ড গড়ে তোলেন হািজ রিপন। পুলিশ এতে বাধা দেওয়ায় ট্রাকশ্রমিকেরা গত বুধবার নিতাইগঞ্জে সব ধরনের ট্রাক চলাচল বন্ধ করে দেন। এ কারণে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে গতকাল বেলা ১১টায় এসপি খন্দকার মহিদ উদ্দিনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এক সভা হয়।
সভায় নিতাইগঞ্জের সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল হাসান মুন্না, ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হািজ রিপন বক্তৃতা করেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, জনস্বার্থে ও যানজট নিয়ন্ত্রণে নগর ভবনের সামনের রাস্তার দুই পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং ও পণ্য ওঠানো-নামানো করতে দেওয়া হবে না।
প্রত্যক্ষদর্শী ও অন্যরা জানান, বৈঠক শেষ হওয়ার পরেই হািজ রিপন নগর ভবনের সামনে যান এবং রাস্তায় এলোপাতাড়ি ট্রাক রেখে পণ্য ওঠানো-নামানোর নির্দেশ দিয়ে সটকে পড়েন। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মুহাম্মদ শাহীন, নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. জাকারিয়া, এএসপি (ট্রাফিক) বশির উদ্দিন, এএসপি (ক অঞ্চল) আজিমুল আহসান এবং সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের চার প্লাটুন পুলিশ নিয়ে বিকেল সোয়া চারটা থেকে সেখানে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ অভিযান শুরু করেন। পুলিশ রেকার দিয়ে দুটি ট্রাক টেনে পুলিশ লাইনে নিয়ে গেলে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মানিক এসে কৃতকর্মের জন্য ক্ষমা চান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ পার্কিংয়ের দায়ে কয়েকটি ট্রাককে জরিমানা করেন।
মুঠোফোনের সংযোগ বন্ধ পাওয়ায় হািজ রিপনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মানিক জানান, পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি হওয়ায় তাঁরা বাধ্য হয়ে রাস্তায় লোড-আনলোড করছেন।
এএসপি বশির উদ্দিন সাংবাদিকদের জানান, এসপির কার্যালয়ে বৈঠকে সবার উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে, ওই রাস্তায় ট্রাকসহ অন্য কোনো যানবাহন পার্কিং করবে না। কিন্তু বৈঠক শেষ হওয়ার পরেই আবারও এখানে অবৈধ ট্রাকস্ট্যান্ড গড়ে তোলার খবর পেয়ে প্রশাসন যৌথভাবে অভিযান চালায়। ওই রাস্তায় পার্কিং বা পণ্য ওঠানো-নামানো করতে দেওয়া হবে না বলে জানান তিনি।