বৈদ্যুতিক ফাঁদে দুটি হাতি হত্যা!
বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা এলাকায় লোকালয়ে ঢোকা দুটি হাতিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের মাখনের চর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার পর হাতি দুটির শুঁড়, দাঁত ও কানও কেটে ফেলা হয়েছে।
এ ঘটনায় গতকাল রোববার রাতে অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেছেন শেরপুর বিভাগীয় বন কর্মকর্তা মামুনুর রশিদ। ঘটনার তদন্তে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জামালপুর জেলা প্রশাসন। গতকাল রাতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাঘার চর গ্রাম থেকে বৈদ্যুতিক তার ও জেনারেটর জব্দ করেছে পুলিশ।
জানা গেছে, ১০ অক্টোবর সন্ধ্যার পর খাবারের সন্ধানে ভারতের মেঘালয়ের বালুঘাট পাহাড়ি এলাকা থেকে ৩০-৪০টি বুনো হাতি মাখনের চরসহ তিনটি গ্রামে ঢোকে। হাতির পাল ওই দিন সারা রাত ফসলের খেত নষ্ট করে সকালের দিকে চলে যায়। এরপর থেকে হাতির পালটি প্রতিদিন সন্ধ্যার পর গ্রামগুলোতে ঢোকে এবং সকাল পর্যন্ত গ্রামগুলোর রোপা আমন, গম, সরিষা, আখসহ বিভিন্ন খেত নষ্ট করে সকালের দিকে চলে যায়। হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে গ্রামের কয়েক হাজার লোক রাতে না ঘুমিয়ে পাহারা দিতে থাকেন। তাঁরা মশাল জ্বালিয়ে, হইহুল্লোড় করে ও ঢাকঢোল পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। শেষমেশ গত শনিবার মাখনের চর গ্রামে একটি ধানখেতে জেনারেটরের সংযোগে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পাতেন কয়েকজন। রাত আটটার দিকে হাতির পাল ওই খেতে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় দুটি হাতি। ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় হাতি দুটি।
অভিযোগ উঠেছে, প্রায় এক সপ্তাহ ধরে হাতির পাল লোকালয়ে ঢুকে ফসলের খেত নষ্ট করলেও তাদের তাড়াতে সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি। এর মধ্যে এ বৈদ্যুতিক ফাঁদ পেতে হত্যার ঘটনাটি ঘটেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় বলেন, হাতি তাড়ানোর জন্য গ্রামবাসীকে টর্চলাইট দেওয়া হয়েছিল। এ ছাড়া মাইকের ব্যবস্থা করা হয়েছিল। প্রতি গ্রামে একটি করে দল গঠনও করা হয়েছিল। ঢাকঢোল পিটিয়ে, টর্চলাইট জ্বালিয়ে ও মাইকে হইহুল্লোড় করে হাতি তাড়ানোর জন্য গ্রামবাসীকে বলা হয়েছিল।
গতকাল সকাল ১০টার দিকে ওই ধানখেতে গিয়ে দেখা যায়, কাত হয়ে নিথর পড়ে ছিল হাতি দুটি। শুঁড়, দাঁত ও কান নেই। শরীরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ। ঘটনার ব্যাপারে গ্রামের কেউ আতঙ্কে মুখ খোলেননি। ফলে কে বা কারা এ বৈদ্যুতিক তারের ফাঁদ পেতেছে এবং হাতি দুটির শুঁড়, দাঁত ও কান কেটে নিয়ে গেছে, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান প্রথম আলোকে বলেন, ছয় সদস্যের তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কে বা কারা জড়িত, তা তদন্তেই বেরিয়ে আসবে।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।