বৈধ ইজারায় অবৈধ বেড়া
পাবনার সুজানগর উপজেলার গাজনার বিলের বিভিন্ন অংশ বৈধভাবে ইজারা নিয়ে অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এ কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে ফসল আবাদ ব্যাহত হচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে নৌযান চলাচল।
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, ২০০৯ সালের পানি ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী পানিকে বাধাগ্রস্ত না করে মাছ ধরতে হবে। কোনোভাবে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হলে তা অবৈধ হবে। বিলের ইজারা চুক্তিতে বিষয়টি উল্লেখ রয়েছে। তাই বাঁশের বেড়া দিয়ে মাছ ধরা সম্পূর্ণ অবৈধ।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, গাজনার বিল অঞ্চলের ২১৭ দশমিক ৩৬ একর এলাকাকে ১২টি জলমহালে ভাগ করে মাছ শিকারের জন্য ইজারা দেওয়া হয়েছে। ১৬ লাখ ১৬ হাজার টাকায় বিল পাড়ের ১২টি মৎস্যজীবী সমিতি জলমহালগুলো ইজারা নিয়েছে। চুক্তি অনুযায়ী, চলতি বছর মাছ শিকার শেষে ইজারা নবায়ন করতে হবে।
কয়েকজন ইজারাদার ও বিলপারের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাগজে-কলমে প্রকৃত মৎস্যজীবীদের কাছে বিলের জলমহাল ইজারা দেওয়া হলেও এগুলো ভোগ করছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। তাঁরা প্রকৃত ইজারাদারদের কাছ থেকে জলমহালগুলো কিনে নিয়ে বিভিন্ন স্থানে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করছেন। এতে অবৈধ বাঁশের বেড়ার সঙ্গে ব্যবহার করা হচ্ছে অবৈধ কারেন্ট ও বেড়জাল। এ কারণে বিল থেকে পানি বের হওয়ার সময় ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ছে এ জালে। এই বেড়ায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে বিলের পানি কমতে বেশি সময় লাগছে। এ জন্য ব্যাহত হচ্ছে ফসল আবাদ। এ ছাড়া বাঁশের বেড়ার জন্য চাষিরা নৌকাযোগে বিল থেকে ফসল আনা-নেওয়া করতে পারছেন না।
বিলপারের স্বাগতা গ্রামের কয়েকজন লোক জানান, তাঁদের গ্রামের স্বাগতা জেলে উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নিমাই হালদার তিন লাখ ৭৫ হাজার টাকা দিয়ে বিলের ‘হরের জোলা’ অংশের ৩১ দশমিক ৯ একর ইজারা নিয়েছেন। কিন্তু তিনি পুরো এলাকায় মাছ ধরছেন না। কিছু অংশ উপ-ইজারা দিয়েছেন। ফলে দুই পক্ষই লাভের আশায় বেশি মাছ ধরার জন্য পৃথক বাঁশের বেড়া দিয়েছে।
বিলপারের বাদাই গ্রামের উপ-ইজারাদার কোরবান আলী জানান, উপ-ইজারা নিতে ও জাল-বাঁশ কিনতে তাঁদের প্রত্যেকের ১০ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে। বেশি মাছ ধরতে না পারলে এ টাকা তোলা সম্ভব নয়। এ জন্য বাধ্য হয়েই তাঁরা বাঁশের বেড়া দিয়েছেন।
গত ১৯ নভেম্বর সরেজমিন দেখা যায়, গাজনার বিলের উঁচু এলাকাগুলো থেকে বর্ষার পানি নেমে যাওয়ায় পেঁয়াজ, রসুন আবাদ করছেন চাষিরা। কিন্তু বিল এলাকার হরের জোলা, গড়গড়িয়া, মতিয়ার বিল, ব্রামুন্দি জোলা, সালায়ের জোলা, কাটা জোলা, মধুপুর জোলাসহ প্রায় ২০টি বড় খালে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে জাল পাতা হয়েছে।
বিলপারের স্বাগতা গ্রামের কৃষক আবদুস সুবহান শেখ জানান, পানিপ্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ায় বিলের পানি শুকাতে বেশি সময় লাগছে। এ কারণে উঁচু জমির মালিকেরা ফসল আবাদ করতে পারলেও নিচু জমিগুলোতে পেঁয়াজ, মাষকলাই ও বোরো আবাদ ব্যাহত হচ্ছে।
সুজানগর উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিলে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ইজারাদার সমিতি বাঁধ দিয়ে মাছ শিকার করলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও সাখাওয়াত হোসেন বলেন, বিল থেকে বাঁশের বেড়া অপসারণের জন্য পুলিশের সহযোগিতা চেয়েছি। ইতিমধ্যেই কিছু এলাকায় বাঁশের বেড়া অপসারণ করা হয়েছে। শিগগিরই আবার অভিযান চালানো হবে।