গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের হাজারো অবৈধ গ্যাস-সংযোগ রয়েছে। এসব অবৈধ চুলায় গ্যাসের ভরপুর চাপ থাকলেও বৈধ চুলায় চলছে গ্যাস-সংকট।
এলাকাবাসী ও তিতাসের বৈধ গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে হাজারো অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। এখনো তা অব্যাহত রয়েছে। গ্রাহকদের কাছ থেকে সংযোগপ্রতি ৪৫-৭৫ হাজার টাকা করে নেওয়া হয়। তিতাসের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের সঙ্গে সিন্ডিকেট করে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী ও স্থানীয় দালালেরা এভাবে সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। আঞ্চলিক পাকা সড়ক, পৌরসভার সড়ক কেটে কখনো দিনদুপুরে, আবার কখনো রাতের আঁধারে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া হয়। শুধু বাসাবাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ দিয়ে ক্ষান্ত হয়নি ওই চক্রটি। উপজেলার বিভিন্ন এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান ও খাবারের হোটেলগুলোতেও অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। কালিয়াকৈর পৌরসভার বিএনপির কর্মী মো. হারুন মিয়ার নেতৃত্বে ছয়-সাত মাসে কালিয়াকৈর বাজার এলাকায় প্রায় ৩৫-৪০টি হোটেলে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। সেখান থেকে ওই চক্রটি ২০ লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছে। এসব হোটেলগুলোতে দুই ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে সারা দিন গ্যাসের চুলা জ্বলতে থাকায় এলাকার বৈধ গ্রাহকেরা গ্যাস-সংকটে পড়েছেন। কারও কারও বাসাবাড়িতে প্রায় ছয় মাস ধরে গ্যাসের চুলা বন্ধ হয়ে আছে।
কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকার দুটি খাবারের দোকানের দুই কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে প্রতি মাসে তাঁদের ২০ হাজার টাকার লাকড়ির প্রয়োজন হতো। সাত-আট মাস আগে তাঁদের মালিকেরা ৯০ হাজার টাকা করে একটি করে গ্যাস-সংযোগ নেন।
কালিয়াকৈর বাজার এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম গতকাল রোববার বলেন, ‘আমরা তিতাসের বৈধ গ্রাহক। প্রতি মাসে নিয়মিত বিল পরিশোধ করে আসছি। বৈধ গ্রাহক হলেও আমাদের বাসাবাড়ির চুলায় গ্যাস নেই। মিটিমিটি করে কোনোরকমে চুলা জ্বলে, তা দিয়ে রান্নার কাজ হয় না। কিন্তু যারা অবৈধ গ্রাহক, তাদের চুলায় গ্যাসের চাপ ভরপুর।’
কালিয়াকৈর বাজারের কয়েকজন বাসিন্দা বলেন, এলাকায় আগে গ্যাসের সমস্যা ছিল না। কিন্তু বাজারের ভেতরে ৩৫-৪০টি খাবারের হোটেলে অবৈধ সংযোগ দেওয়ার পর থেকে গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় গ্যাস অফিসে এটা জানিয়েও কোনো সমাধান হয়নি। কালিয়াকৈর পৌর বিএনপির কর্মী হারুন মিয়া স্থানীয় গ্যাস অফিসে যোগসাজশ করে এসব অবৈধ সংযোগ দিয়েছেন বলে তাঁরা অভিযোগ করেন।
জানতে চাইলে কালিয়াকৈর পৌর বিএনপির কর্মী হারুন মিয়া অবৈধ গ্যাস-সংযোগ দেওয়ার সঙ্গে তাঁর জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, ওই এলাকায় অন্যরা গ্যাসের ব্যবসা করে তাঁর নাম ব্যবহার করেছে।
তিতাসের চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুজ আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে তাঁদের কথা হয়েছে। সময়-সুযোগ করে তাঁর সহযোগিতা নিয়ে ওই এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হবে।