বৈধভাবে ভারতে বেড়াতে যাওয়া বাংলাদেশিকে আটক বিএসএফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তের ওপারে ভারতের চ্যাংড়াবান্ধায় নুরুজ্জামান (২১) নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএস)। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় উপজেলা বুড়িমারী সীমান্তের ওপারে ভারতীয় গ্রাম চ্যাংড়াবান্ধার ট্রাক পার্কিং মোড়ের সড়কে। নুরুজ্জামান পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১৭ নম্বর পানিশালা (বিলুপ্ত ছিটমহল) গ্রামের আবদুল লতিফের ছেলে।

তবে পরিবারের দাবি, পাসপোর্ট ভিসা করে বৈধভাবে বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশের মাধ্যমে চ্যাংড়াবান্ধা অভিবাসন পুলিশ হয়ে ভারতে বেড়াতে যান। তবে নুরুজ্জামানকে ‘গরু ব্যবসায়ী’ আখ্যা দিয়ে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁর বাবা আবদুল লতিফ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভাষ্যমতে, বাংলাদেশি আটকের খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে বুড়িমারী সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে নুরুজ্জামানকে গরু ব্যবসায়ী হিসেবে আটকের পর ভারতীয় থানায় সোপর্দের কথা জানিয়েছে বিএসএফ।

এদিকে আবদুল লতিফ দাবি করেন, গত ১৩ ফেব্রুয়ারি নুরুজ্জামান ভারতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। তাঁর পাসপোর্ট নম্বর- বিএল-০০৮২৮১২, ভিসা নম্বর-বিকে-৮০৩১৬২। ভারতে থাকা আত্মীয়দের কাছ থেকে ছেলেকে বিএসএস আটক করেছে বলে গতকাল তিনি জানতে পারেন।

আবদুল লতিফ আরও বলেন, নুরুজ্জামান এসএসসি পাস করেছেন। গত সোমবার সন্ধ্যার দিকে চ্যাংড়াবান্দা বাজারে চা খেয়ে আত্মীয়ের বাড়ি ফিরছিলেন নুরুজ্জামান। এ সময় চ্যাংড়াবান্দা বিএসএফ ক্যাম্পের টহল দল তাঁকে আটক করে। সঙ্গে পাসপোর্ট না থাকায় বিএসএফকে তাঁর ছেলে তা দেখাতে পারেননি। ফলে বিএসএফ তাঁকে ক্যাম্পে নিয়ে যায়। পরে তাঁর ভারতীয় আত্মীয়স্বজন পাসপোর্ট ও ভিসার কাগজপত্র বিএসএফ ক্যাম্পে নিয়ে গেলেও কোনো লাভ হয়নি। উল্টো বিএসএফ তাঁকে গরু ব্যবসায়ী সাজিয়ে ওই দেশের থানায় সোপর্দ করে।

মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, সকাল নয়টার দিকে ওই সীমান্তের বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফ জানায়, সীমান্তের ওপারে ভারতে নুরুজ্জামানকে গরু ব্যবসায়ী হিসেবে আটক করা হয়েছে। তবে তিনি পাসপোর্ট, ভিসা করে ভারতে গিয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।