বৈশাখী অনুষ্ঠানে বোমা মারার হুমকি, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে বৈশাখী অনুষ্ঠান ও মেলাস্থল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মো. মাজেদুর রশিদ (৩৬) নামের এক যুবক। এ ঘটনায় গতকাল সোমবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটা থেকে নয়টার মধ্যে একটি মুঠোফোন নম্বর থেকে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আওয়ালের মুঠোফোনে পরপর তিনটি খুদেবার্তা (ম্যাসেজ) আসে। সেখানে মাজেদুর রশিদ নিজেকে পেট্রল জিহাদ, শাখা পশ্চিম জামালপুর আইআরএস সদস্য পরিচয় দেন। বার্তায় মাজেদুর জেলার বৈশাখী মেলা ও মেলান্দহের দুরমুঠে হজরত শাহ কামালের (র.) দরগা শরিফ প্রাঙ্গণে মাসব্যাপী বৈশাখী মেলা বন্ধের নির্দেশ দেন। এ ছাড়া সেখানে বৈশাখী অনুষ্ঠান ও মেলা বন্ধ করা না হলে মেলা প্রাঙ্গণ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। অভিযান চালিয়ে বিকেল পাঁচটার দিকে মাদারগঞ্জের বালিজুড়ি মুন্সিপাড়া গ্রাম থেকে মাজেদুরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য জামালপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামের কার্যালয়ে আনা হয়। মাজেদুর রশিদ ওই গ্রামের মৃত আবদুল ওয়াজেদের ছেলে।
পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, হুমকির বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি বিশেষ দল তাঁকে গ্রেপ্তারে মাঠে নামে। অবশেষে বার্তা পাঠানোর আট ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।