বৈশাখী পোশাক না পেয়ে শিশুর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছলটা আমার কাছে বৈশাখী জামা কিনে নিতে চাইছিল। আমি গরিব মানুষ। ট্যাকা-পয়সা নাই। তাই তার জামা কিনে দিতে পারি নাই। এই কারণে ছলটা আমার গলায় দড়ি দিয়া মইরা গেছে।’


কাঁদতে কাঁদতে শুধু এ কথাই বলে যাচ্ছিলেন দিনমজুর সোনা উল্লাহ। ১০ বছর বয়সী শিশুসন্তানের সামান্য আবদার পূরণ করতে না পারার ব্যর্থতার জন্য বারবার নিজেকে দায়ী করছিলেন তিনি।

বগুড়ার ধুনট উপজেলার উলিপুর গ্রামে বৈশাখী পোশাক না পেয়ে শিশু শিপন আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শিশুর বাবার ভাষ্য, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে শিপন আত্মহত্যা করেছে। সে উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিপনের বাবা সোনা উল্লাহ একজন দিনমজুর। অভাব-অনটনের সংসার। দিন আনে দিন খায়। এ বছর পয়লা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে কয়েক দিন আগে থেকে শিপনের বিদ্যালয়ের সহপাঠী ও খেলার সাথিরা আলপনা আঁকা বিভিন্ন রঙের গেঞ্জি, পাঞ্জাবি, শার্ট ও গামছা কিনেছে। তাদের বৈশাখী পোশাক কেনা দেখে শিপনেরও শখ হয়। দুই দিন আগে মা-বাবার কাছে বৈশাখী আলপনা আঁকা গেঞ্জি ও গামছা কিনে দেওয়ার আবদার করে। কিন্তু হতদরিদ্র দিনমজুর বাবা তা কিনে দিতে পারেননি। গতকাল পয়লা বৈশাখে সমবয়সীদের নতুন জামা পরে আনন্দে মেতে ওঠার দৃশ্য দেখে শিপন মন খারাপ করে বাড়ি চলে আসে এবং বাড়ির আঙিনায় একটি গাছের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে ধুনট থানার পুলিশ শিপনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দাফনের অনুমতি দেয়।

শিপনের বাবা সোনা উল্লাহ বলেন, অভিমান করে তাঁর ছেলে আত্মহত্যা করেছে।

ধুনট থানার পরিদর্শক (ওসি তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে শিশু শিপনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।