বোচাগঞ্জে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গতকাল বুধবার অষ্টম শ্রেণির (১৩) এক স্কুলছাত্রীকে ইব্রাহিম চৌধুরী (২২) নামে এক বখাটে কুপিয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার পর ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা এবং ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মিলরোডের ছটকুর মোড় এলাকার মো. ইব্রাহিম চৌধুরী (২২) গতকাল সকাল আনুমানিক নয়টার দিকে ওই ছাত্রীর বাড়িতে যান। এ সময় ইব্রাহিম ওই ছাত্রীর শয়নকক্ষে গিয়ে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইব্রাহিম পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই ছাত্রীর মাথা ও দুই হাতে গুরুতর জখম হয়েছে।
এ ব্যাপারে ওই ছাত্রীর মা বলেন, বখাটে ইব্রাহিম স্কুলে যাওয়া-আসার পথে তাঁর মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করতেন ও নোংরা প্রস্তাব দিতেন। ইব্রাহিমের বখাটেপনার কথা তাঁর মেয়ে বাড়িতে জানিয়ে দেয়। এ নিয়ে পাড়ার মুরব্বিদের কাছে ইব্রাহিম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করা হয়। এতে ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে গতকাল তাঁর মেয়েকে চাপাতি দিয়ে কুপিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম বলেন, ইব্রাহিম দিনাজপুরে একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়েন। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার কথা স্বীকার করেছেন। এ ছাড়া তঁার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে কুপিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
বোচাগঞ্জ থানার ওসি মো. হাবিবুল হক প্রধান গতকাল রাত নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার ছটকুর মোড় এলাকা থেকে ইব্রাহিমকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ওই ছাত্রীর নানা বাদী হয়ে গতকাল বখাটে ইব্রাহিমকে আসামি করে থানায় নারী ও শিশু আইনে একটি মামলা করেছেন।