বোতাম, জিপারের কার্টনে মিলল ৪৩ কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভবনে বোতাম, জিপারের তিনটি কার্টনে মিলেছে ৪৩ কেজি সোনা। এসব সামগ্রীর আড়ালে আনা এই সোনা গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে আটক করেন শুল্ক গোয়েন্দারা।
পণ্যের আড়ালে আসা সোনার পরিমাণের দিক থেকে এক যুগের মধ্যে এটিই সবচেয়ে বড় চালান। এ ঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত বছরের ২৪ জুলাই এই বিমানবন্দরে দেশের ইতিহাসে সবচেয়ে বড় চালান ১২৪ কেজি সোনা আটক হয় বিমানের একটি উড়োজাহাজের কার্গোহোল থেকে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তর সূত্র জানায়, অধিদপ্তরের কাছে খবর আসে, মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের (এসকিউ ৪৪) একটি উড়োজাহাজে পোশাক কারখানার সামগ্রীর (গার্মেন্টস এক্সেসরিজ) আড়ালে সোনার বার আসছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরের কার্গো ভবনে যান। তাঁরা সেখানে মালামাল রাখার স্থান থেকে ৮৩ কেজি ওজনের তিনটি কার্টন শনাক্ত করে। কার্টন খুলে ভেতরে বোতাম, রিবন ও জিপারের মধ্যে কাপড়ের ব্যাগে সোনার বারগুলো ছিল। তিনটি কার্টনে তাঁরা ৪৩টি সোনার বার পান। প্রতিটি বারে এক কেজি করে সোনা আছে। পরে বারগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলেন, ওই চালানের কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, কার্টনগুলো এসেছে সিঙ্গাপুরের শ্রাঙ্গন রোডের শ্রাগন প্লাজার ইউনিট্যাক্স অ্যাপারেলস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান থেকে। কার্টনগুলো পাঠানো হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার নামে। ওই পণ্যের চালানপত্রে মুঠোফোন নম্বর রয়েছে। ওই নম্বরে যোগাযোগ করে তাঁরা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হবেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া ৪৩ কেজি সোনার বর্তমান বাজারদর প্রায় সাড়ে ২১ কোটি টাকা। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা স্মারকের ভিত্তিতে সেখানকার শুল্ক কর্মকর্তাদের দিয়ে ওই প্রতিষ্ঠানের মালিকের ঠিকানা খুঁজে বের করা হবে। একই সঙ্গে কমিটি চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ওই মালিকের ব্যবসার ধরন, আগে এ ধরনের চালান কতবার এনেছেন, তা জানবে। এরপর তাঁকে পুলিশের কাছে সোপর্দ করবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৭ মাসে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর দেশের তিনটি প্রধান বিমানবন্দর থেকে প্রায় ৭২০ কেজি সোনা উদ্ধার করে। এসব ঘটনায় হওয়া ৭০টি মামলায় ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অধিদপ্তরের যুগ্ম পরিচালক এস এম সোহেল রহমান বলেন, গত এক যুগে পণ্যের আড়ালে আসা সোনা চোরাচালানের মধ্যে এটি সবচেয়ে বড় চালান।