বোন-ভগ্নিপতির বিরুদ্ধে অপহরণ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে এক সহকারী শিক্ষককে অপহরণ ও টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পীরগঞ্জের বথপালিগাঁও প্রাথমিক বিদ্যালয়ের ওই সহকারী শিক্ষক মো. মুক্তারুল ইসলাম গত শনিবার থানায় একটি অপহরণ মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মুক্তারুল ইসলাম গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে প্রথম শ্রেণির ক্লাস নিচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁর ভগ্নিপতি উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, তাঁর বড় বোন রাধিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাম্মৎ মেহেরুন্নেছা এবং তরলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন ও পৌর শহরের মিত্রবাটি মহল্লার বাবুল হোসেন অ্যাম্বুলেন্স নিয়ে ওই বিদ্যালয়ে এসে বাদীকে শ্রেণিকক্ষ থেকে বের করেন। একপর্যায়ে তাঁকে মারধর করতে করতে অ্যাম্বুলেন্সে তুলে তাঁর বোনের বাড়িতে নিয়ে যান।
পরে ঘরে আটকে লাঠি ও রড দিয়ে মারধর করা হয়। মুক্তার একটি ছুরি তাঁর গলায় ধরে ভয়ভীতি দেখান। বাবুল তাঁর পকেটে রাখা মুঠোফোন ও রফিকুল তাঁর পকেটে থাকা ৫০ হাজার টাকা লুটে নেন। এরই মধ্যে বাদীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা বিভিন্ন লোককে ঘটনা জানালে এলাকার লোকজন ওই বাড়িতে এলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে রফিকুল ও মেহেরুন্নেছা গতকাল রোববার বিকেল চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মুক্তারুল আমাদের সন্তানের মতো। তার বয়স ৪৫ বছর পার হয়ে গেছে। তাকে বিয়ে দিতে আমরা অনেক চেষ্টা করছি। মূলত আমাদের পারিবারিক লাগাম থেকে মুক্ত হওয়ার জন্য মুক্তারুল অন্যের প্ররোচনায় অপহরণ মামলা করেছে। ঘটনাটি সত্য নয়।’
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় শনিবার রাতে একটি মামলা হয়েছে। ঘটনাটি অপহরণ নাকি এর মধ্যে পারিবারিক কোনো ঘটনা আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।