বোনকে উত্ত্যক্ত প্রতিবাদ করায় ভাইয়ের পা ভাঙল বখাটে
চাচাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রড দিয়ে পিটিয়ে এক যুবকের পা ভেঙে দিয়েছে উত্ত্যক্তকারী এক বখাটে। গতকাল শুক্রবার বেলা একটার দিকে রাজধানীর শেওড়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ওই যুবক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তাঁর চাচাতো বোন মেডিকেলের শিক্ষার্থী। ওই যুবকের বাসা পশ্চিম শেওড়াপাড়ায়। তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
আহত যুবকের মা প্রথম আলোকে বলেন, গতকাল তাঁর বাসায় পারিবারিক অনুষ্ঠান ছিল। সে জন্য তাঁর দেবরের মেয়ে দুপুরে বাসে করে পশ্চিম শেওয়াপাড়ার শামীম সরণিতে নামে। তাঁর ছেলে বোনকে আনতে শামীম সরণিতে যাচ্ছিল। কিন্তু এই সময়ের মধ্যেই দুটি ছেলে মেয়েটির উদ্দেশে অশালীন কথা বলে, উত্ত্যক্ত করে। তাঁর ছেলে বিষয়টি জানতে পেরে এর প্রতিবাদ করে। এর জের ধরে পরে ওই ছেলেরা তাকে রড দিয়ে পেটায়।
বিকেলে পঙ্গু হাসপাতালে গেলে ওই মেডিকেল ছাত্রী বলেন, দুই বখাটে তাঁকে দেখে কোনো কারণ ছাড়াই মন্তব্য করতে থাকে। তাঁর ওড়না ধরেও টান দেয়।
ঘটনার বর্ণনা দিয়ে আহত যুবক বলেন, বোনকে উত্ত্যক্ত করার বিষয়টি জানার পর তিনি এর প্রতিবাদ করেন। তাদের সঙ্গে কথা–কাটাকাটির পর তিনি বোনকে নিয়ে বাসায় চলে আসেন। কিছুক্ষণ পর কোমল পানীয় কিনতে তিনি দোকানে গেলে উত্ত্যক্তকারী দুজনের মধ্যে একজন তাঁকে অনেকক্ষণ শাসায়। তিনি কোমল পানীয় নিয়ে বাসায় চলে আসার সময় ওই বখাটে তাঁর পথরোধ করে রড দিয়ে তাঁর দুই পায়ে বাড়ি দেয়। বখাটের সঙ্গে আরও তিন-চারজন ছেলে ছিল। আশপাশের লোকজনের কাছে জেনেছেন তাঁকে রড দিয়ে বাড়ি মারা ছেলেটার নাম ফাহিম।
চিকিৎসকেরা বলেছেন, রডের আঘাতে ওই যুবকের ডান পায়ের হাড় দুই জায়গায় ভেঙে গেছে। অস্ত্রোপচার করতে হবে।
মিরপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, অভিযুক্ত ফাহিমকে তাঁরা শনাক্ত করতে পেরেছেন। তাকে আটকের জন্য তাৎক্ষণিকভাবে তিনটি দল মাঠে নেমেছে।