
রাজধানীর ভাষানটেক থানা এলাকায় গত শুক্রবার রাতে নাসির হোসেন (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। পরিবারের অভিযোগ, মামাতো বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নাসিরকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে উত্ত্যক্তের কোনো তথ্য মেলেনি। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।
নিহত নাসির ভাষানটেকের দেওয়ানপাড়ায় বড় বোন মোছাম্মৎ পারুলের বাসায় থাকতেন। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। তিনি দুই সন্তানের জনক। এক বছর আগে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় দুই সন্তান বরিশালে নানার বাড়িতে থাকে। ভাষানটেকে মাছ চাষের জন্য চারটি পুকুর ভাড়া নিয়েছেন নাসিরের বড় ভাই মো. মোশারফ। নাসির তা দেখভাল করতেন।
নাসিরের ভাই মোশারফ প্রথম আলোকে বলেন, ভাষানটেকের মজুমদার মোড় এলাকায় তাঁদের মামা আইনাল আকন্দের বাসা। মামার তিন মেয়ে। ছোট মেয়ে লাবণী আক্তারকে স্থানীয় বাবলু, মামুন, ভাঙ্গা খোকন, সোহেল, সুজন, চোক্কা ও কানা আলমসহ কয়েকজন উত্ত্যক্ত করে। বাসায় গেলে লাবণী তা নাসিরকে জানায়। গতকাল শনিবার বিকেল চারটার দিকে লাবণীদের বাসার সামনে চায়ের দোকানে উত্ত্যক্তকারীদের কয়েকজন আড্ডা দিচ্ছিল। নাসির তাদের ডেকে লাবণীকে আর উত্ত্যক্ত না করার জন্য বলেন।
মোশারফ আরও জানান, এর জের ধরে রাত নয়টার দিকে লাবণীর বাসার সামনের দোকান থেকে নাসিরকে ‘বাবলু ডাকছে’ বলে ডেকে নিয়ে যায় চোক্কা। প্রায় আধা কিলোমিটার দূরে মোল্লা পুকুরপাড়ে নিয়ে নাসিরকে বেধড়ক মারধর করা হয়। ইট, লাঠি, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে উপর্যুপরি আঘাত করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। স্থানীয় একজনের মাধ্যমে খবর পেয়ে তিনি (মোশারফ) নাসিরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১২টার দিকে মারা যান তিনি। মৃত্যুর আগে নাসির এসব কথা বলে গেছেন বলে জানান মোশারফ।
এ ঘটনায় মোশাররফ ওই সাতজনের নাম উল্লেখ করে ভাষানটেক থানায় একটি হত্যা মামলা করেছেন। এজাহারে মামাতো বোনকে উত্ত্যক্তের জেরে এ হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন তিনি।
ভাষানটেকের দীন মোহাম্মদ কলোনিতে নাসিরের ভাই মোশারফের বাসা। সেখানে নাসিরের মা-বোনসহ অন্য স্বজনেরা এসেছেন। গতকাল দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, পুত্রশোকে আহাজারি করে চলেছেন মা রিজিয়া বেগম ও স্বজনেরা। ওই বাসায় আসা লাবণীর মা মোছাম্মৎ হেনা প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে লাবণী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। গত রমজান মাসে একই এলাকা অর্থাৎ ভাষানটেকের মজুমদারপাড়ার এক যুবকের সঙ্গে সম্পর্ক করে বিয়ে করে। এর পর থেকে সে শ্বশুরবাড়িতেই থাকে। তাই উত্ত্যক্তের ব্যাপারে তিনি কোনো কিছু জানেন না। ঘটনার পর পুলিশ লাবণী, তার বাবা ও স্বামীকে নিয়ে গেছে বলে জানান তিনি।
বেলা আড়াইটার দিকে ভাষানটেকের মজুমদারপাড়ায় লাবণীর শ্বশুরবাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ওই সময় ভাষানটেক থানায় গেলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জানান, লাবণীদের কাউকে তখন পর্যন্ত থানায় আনা হয়নি। পরে যোগাযোগ করা হলে পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার (এসি) কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘লাবণীকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। সে দাবি করছে, তাকে কেউ উত্ত্যক্ত করেনি।’
‘তাহলে এ হত্যাকাণ্ড কেন?’ প্রশ্ন করলে এসি কামাল বলেন, ঈদের দুই দিন আগে সন্ধ্যায় লাবণীর স্বামী সোহাগকে মারধর করে মুঠোফোন ছিনিয়ে নিয়েছিল কয়েকজন যুবক। নাসির এ ব্যাপারে লাবণীর কাছে জানতে চেয়েছিল। লাবণী জানে না বলে উত্তর দেয়। এসি কামাল বলেন, এখনো নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, লাবণীর স্বামীকে মারধরের সঙ্গে নাসিরের এ হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে। কিন্তু যাদের বিরুদ্ধে নাসিরকে হত্যার অভিযোগ, তারাই লাবণীর স্বামীকে মারধর করেছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। লাবণীর স্বামী সোহাগও মারধরকারীদের চিনতে পারেননি বলে দাবি করেছেন। যে কারণেই ঘটনা হোক, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে জানান এসি কামাল।
নাসিরের ভাই মোশারফ বলেন, তাঁর ভাইয়ের হত্যাকারীদের বেশ কয়েকজন একাধিক মামলার আসামি। তাদের সঙ্গে পুলিশের বেশ সখ্য। কয়েকজনের মোটরসাইকেলে পুলিশ ঘুরে বেড়ায়। আগের এতগুলো মামলায় তাদের কিছু হয়নি। তার ভাই হত্যার মামলায়ও কিছু হবে না বলে হতাশা প্রকাশ করেন তিনি।
জানতে চাইলে ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবী সখ্যতার কথা অস্বীকার করেছেন। তবে তিনি বলেন, আসামি বাবলু, মামুনসহ কয়েকজনের বিরুদ্ধে মারামারি, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে মামলা আছে।